বহরমপুর কার্যালয়ের দখল নিল ঋত-তৃণমূলতৃণমূল কার? প্রতীক, অ্যাকাউন্ট কার দখল শেষ পর্যন্ত থাকবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই বুধবার বহরমপুর জেলা তৃণমূল কার্যলয়ের দখল নিল ঋতব্রতপন্থীরা। কার্যালয়ের ভিতরে থাকা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার ঢেকে ফেলা হল। সেই ব্যানারে ছিল মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তার উপর লাগিয়ে দেওয়া হল বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ব্যানার।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর রেজিনগরে রয়েছে উপনির্বাচন। তার আগে বুধবারই সেই কেন্দ্রে ঋতব্রত শিবিরের প্রার্থী সফিউজ্জামান শেখ মনোনয়ন জমা করেন। মনোনয়ন জমা পড়ার আগেই দখল হয়ে গেল জেলা তৃণমূল কার্যালয়।
দখল নেওয়ার সময়ে প্রার্থী উপস্থিত ছিলেন সেখানে। এছাড়াও ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ণ সরকার, মুর্শইদাবাদের সাংসদ আবু তাহের খান, বিধানসভার চিফ হুইপ আখরুজ্জামান, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস সহ ঋতব্রত তৃণমূল শিবিরের নেতা-কর্মীরা।
তবে তৃণমূলের দুই পক্ষই জোড়াফুল প্রতীকের দাবি জানিয়েছেন। এখনও নির্বাচন কমিশন তা নিষ্পত্তি করেনি। ফলে রেজিনগর এবং নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলেও শেষ পর্যন্ত কোন পক্ষ জোড়াফুল প্রতীকে লড়তে পারবেন, তা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। তবে কোনও পক্ষই যদি প্রতীক না পায়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাওয়ার অপশনও তাদের কাছে থাকবে।