অনুব্রত মণ্ডল দৌর্দণ্ডপ্রতাপ। এই বিশেষণটিই তাঁর নামের সামনে বসানো হত একটা সময়ে। 'বীরভূমের বাঘ' বলে ডাকা হত যাঁকে সেই অনুব্রত মণ্ডলের কলার ধরে টানাহ্যাঁচড়া করা হল। দেওয়া হল হুমকিও। হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এই জেলা সভাপতিকে।
সিউড়ির পার্টি অফিস। অনুব্রত মণ্ডল চেয়ারে মুখ কাঁচুমাচু করে বসে রয়েছেন। তাঁর সামনে লাঠি, রড নিয়ে ভাঙচুর চালাচ্ছে একদল যুবক। প্রত্যেকেরই মুখে কাপড় বাঁধা। ভাঙচুরের পাশাপাশি তাঁরা অনুব্রত মণ্ডলকে শাসাচ্ছেন। স্পষ্ট ভাষায় বলছেন, 'সিউড়িতে যেন আর না দেখি।' তাঁর বুকে লাঠি ঠেকিয়ে ওই যুবকরা সরাসরি হুমকি দিচ্ছেন। তারপরই অনুব্রতকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে। গোটা বিষয়টা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।
যে কেষ্ট মণ্ডলের দাপটে একটা সময়ে বাঘে-গরুতে একঘাটে জল খেত, যাঁর চড়াম চড়াম আর গুড় বাতাসা খাওয়ার বাণীতে বিরোধী পক্ষ কাঁপত, সেই অনুব্রতকে এমন ভাবে শাসানি, অবাক করেছে অনেককেই।