বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কোথায় কোথায়?
বিগত কয়েকদিন ধরেই বৈশাখের বিভৎস গরম অনুভূত না হলেও ভ্যাপসা গরম রয়েই গিয়েছে। তবে বিকেল হলেই কালবৈশাখীর তাণ্ডব মুহূর্তের মধ্যে ঠাণ্ডা করে দিচ্ছে। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহেও রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কোন কোন জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে? চলুন জেনে নেওয়া যাক ২৩ জেলার আবহাওয়া আপডেট।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
মে মাস পড়লেও এ বছর এখনও পর্যন্ত তীব্র দাবদাহের হাত থেকে রেহাই পেয়েছে পশ্চিমবঙ্গ। গত কয়েকদিন ধরেই দফায় দফায় ঝড়-বৃষ্টির জেরে রাজ্যের আবহাওয়া মনোরম রয়েছে। তবে স্বস্তির খবর শুনিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন সপ্তাহে মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা মূলত বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। হাওয়া অফিস বলছে, আজ সার্বিকভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সঙ্গে পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। তবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হতে পারে। সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় (হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান) ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠবে। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কারণ ওই ১০টি জেলায় (কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ মে অর্থাৎ মঙ্গলবার নাগাদ নিম্নচাপ ঘনীভূত হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আকাশ মেঘলাই থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা এখনই বাড়ার কোনও আশঙ্কা নেই। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
বর্তমানে উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের সব জেলায় (দর্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার. কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আজ বৃষ্টির সঙ্গে ঝড়ও হবে। তাই প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দর্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাতে।
কলকাতার আবহাওয়া
রবিবার সকাল থেকেই মনোরম আবহাওয়া কলকাতায়। তবে বেলা বাড়তেই সঙ্গে সঙ্গে বাড়তে পারে গরম ও অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার দুপুরের পরে থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতিঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। নতুন সপ্তাহে শহরে বজ্রবিদ্যুত সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা।সঙ্গে দমকা হাওয়াও বইবে।