কৃষকদের টাকা দেওয়ার ঘোষণা কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের প্রায় ৫০ লক্ষ কৃষককে টাকা দেবে সরকার। জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা রাজ্যের কৃষকদের তিনি দেবেন।
আজ বুধবার নবান্নে বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেয় রাজ্যের মন্ত্রিসভা। তারপরই সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন,'সামনেই ধনতেরাস, দীপাবলি, কালীপুজো। এটা আমাদের জন্য শুভ সময়। তাই ৫ তারিখ দুটো সরকারি কর্মীসূচি রয়েছে। একটি হল রাজ্যের সরকারের শিল্পনীতি ঘোষণা এবং অন্যটি হল কৃষকদের হাতে টাকা তুলে দেওয়া। দুর্গাপুজোর আগেই শিল্পনীতি ঘোষণার কথা ছিল। তবে আমরা আরও সময় নিয়ে সেটা ৫ তারিখই প্রকাশ করব।'
তারপরই শুভেন্দুর সংযোজন, 'PM কিষান সম্মান নিধির যে ৬ হাজার টাকা দেওয়া হয় তার দুটো কিস্তির টাকা ২ হাজার করে ২ বারে দেওয়া হয়েছে। আমরাও অতিরিক্ত তিন হাজার টাকা দেব বলেছিলাম। দুটো কিস্তির টাকা মুখ্যমন্ত্রী কিষান সম্মাননিধিতে দেব। যাঁরা PM কিষান সম্মাননিধির টাকা পান তাঁদেরই দেওয়া হবে। রাজ্যের সব জেলা থেকেই এই টাকা দেওয়া হবে। আমি নিজে পুরশুড়া-হুগলিতে উপস্থিত থাকব। সেখান থেকে টাকা চলে যাবে কৃষকদের অ্যাকাউন্টে।'
ক্য়াবিনেটে আজ মোট তিন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেগুলো হল নগরোন্নয়ন দফতর, স্বাস্থ্য এবং দমকলে প্রায় ১২০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত। চোরবাগানে পদপিষ্টে মৃতদের পরিবারকে সরকারি চাকরি এবং স্কুল শিক্ষকদের প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে রাখা।
মুখ্যমন্ত্রী বলেন, 'নগরোন্নয়ন দফতর, স্বাস্থ্য এবং দমকলে প্রায় ১২০০ জনকে নিয়োগ করা হবে। সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তী জারিও করা হবে সেই মর্মে। ইতিমধ্যে এই সরকার প্রায় ৬০ হাজার নিয়োগের অনুমোদন দিয়েছে। মেধার ভিত্তিতে নিয়োগ হবে।'
স্কুল শিক্ষকদের নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় আজকের মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে আর কোনও শিক্ষক প্রতক্ষ্যভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলেন, 'দেশের কোনও রাজ্যের শিক্ষকরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন না। আজকের পর থেকে আমাদের আমলে নিয়োগ হওয়া শিক্ষকরা আর সরাসরি রাজনীতি করতে পারবেন না। লড়তে পারবেন না পুরসভা, পঞ্চায়েত বা অন্য কোনও ভোটে। এতদিন পর্যন্ত যাঁরা এসব করে এসেছেন।তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। বাকি যাঁরা নিযুক্ত হবেন, তাঁদের জন্য নয়া নিয়ম। শিক্ষার রাজনীতিকরণ বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
চোরবাগান কাণ্ডে মৃতদের পরিবারের একজন সদস্যকে রাজ্য সরকারের চাকরি দেওয়া হবে -এই সিদ্ধান্তও নেওয়া হয় মন্ত্রিসভায়। শুভেন্দু বলেন,'এক্ষেত্রে গ্রুপ ডি-র চাকরি দেওয়া হবে। জেলাশাসকরা নিয়োগকর্তা হবেন। কলকাতার ক্ষেত্রে কর্পোরেশন নিয়োগ করবে। বিহারের দুজনকে আমরা চাকরি দিতে পারব না।'