বর্ষার আপডেটগভীর নিম্নচাপের জেরে রাতভর টানা বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছে,বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত ১টার মধ্যে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার কলিঙ্গপটনম উপকূলে প্রবেশ করে গভীর নিম্নচাপটি। তার জেরে রাত থেকে টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার বড় প্রশ্ন হল, গভীর নিম্নচাপের রেশ শেষ হলেই কি দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট হল,অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপর অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। গভীর নিম্নচাপটি আগামী ৬ ঘণ্টায় উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। এর পরবর্তী ২৪ ঘণ্টাতেও সেটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোবে। ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়বে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে বলে জানিয়েছেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা।
শনিবার সকাল পর্যন্ত অতিভারী বৃষ্টি
আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানান,'দক্ষিণবঙ্গে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির অ্যালার্ট থাকছে। উপকূলের জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, কলকাতা ও হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে মাঝে মাঝে রোদও উঠবে।
বর্ষার বিদায়?
ইতিমধ্যেই রাজস্থান, দিল্লি থেকে বিদায় নিয়েছে বর্ষা। এবার কি বাংলা থেকেও বর্ষার বিদায় আসন্ন? আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন,গভীর নিম্নচাপের প্রভাব কাটার পর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হবে। উত্তরবঙ্গে অক্টোবরের প্রথম সপ্তাহেই বিদায় নিতে পারে। তবে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেওয়ার দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়। বরং পরপর নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। আগামী ১৫ দিনের মধ্যে অন্তত দক্ষিণবঙ্গ থেকে যাচ্ছে না বর্ষা।