বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসে হামলার অভিযোগ। এই ঘটনায় ভিডিও প্রকাশ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আর বিকেলে ফেসবুক লাউভে এসে ক্যামাক স্ট্রিটের অফিস ভাঙচুর নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর প্রশ্ন, 'কেন আমাদের রেকর্ড, দলিল, কম্পিউটার লুঠ করেছেন? টোটালটা ভাংচুর করেছে।' তাঁর মতে, নাকের ডগায় শেক্সপিয়ার থানার পুলিশ দেখেও দেখেনি। এরপরই পুলিশকে তাঁর হুঁশিয়ারি, 'চিরকাল বিজেপি থাকবে না। দিল্লি গেলেই হিল্লি হয়ে যাবে।'
তিনি বলেন, 'কালকে আমাদের আইটি অফিসে মধ্যরাতে বিজেপি গুন্ডাদের পাঠিয়েছিল। লজ্জা করে না আপনাদের? কেন আমাদের কম্পিউটার লুঠ করেছেন? কেন আমাদের অফিসিয়াল কাগজপত্র, আমাদের দলিল থেকে শুরু করে, আমাদের রেকর্ড থেকে শুরু করে সবকিছু তছনছ করেছেন।'
এরপরই বিজেপিকে, 'গিরিগিটির দল', 'লুটেরার দল', 'অর্ধ শিক্ষিতের দল', 'সংস্কৃতি না জানার দল' বলে আক্রমণ করেন তিনি।
তাঁর অভিযোগ, কলকাতাতেই ভোররাতে এমন হামলা হয়েছে। গ্রামেগঞ্জের অবস্থা আরও ভয়াবহ। একের পর এক পার্টি অফিস দখল করে নিচ্ছে।
তিনি বলেন, 'গ্রামগঞ্জে ৪ হাজার অফিস দখল করেছে। লুট করেছে। চেয়ার টেবিলও ছাড়েনি। পাতাকাকে পদদলিত করেছেন।'
প্রসঙ্গত, ইতিমধ্যেই ক্যামাক স্ট্রিটের ঘটনায় পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
গেরুয়াকে অসম্মান
এই ফেসবুক লাইভেও গেরুয়া রং-এর অসম্মান নিয়ে সরব হন মমতা। তিনি অভিযোগ করেন, 'কোনও একটা সরকারি প্রোগ্রামে গেরুয়া কার্পেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন।' আর এই আক্রমণের টার্গেটে ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এরপরই তিনি সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নিয়ে সরব হন। তিনি বলেন, 'কোন সংবাদ সংস্থা কী লিখবে, সেটা তাদের বিষয়। তাদের অফিসও রং করতে গিয়েছিলেন। কি ঔদ্ধত্ব, কী অহঙ্কার।'
এখনেই শেষ না করে মমতার দাবি, বিজেরি ক্ষমতায় আসার পরই একাধিক ডিজিটাল সংবাদমাধ্যম বন্ধ করে দিয়েছে। অনেক সংবাদপত্রের উপর আক্রমণ নেমে এসেছে। এটা গণতন্ত্রের উপর হামলার শামিল বলে দাবি করেন তিনি।
এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁর কোনও জেড প্লাস সিকিউরিটিই নেই। নিরাপত্তরক্ষীই নেই। বিজেপি এটা মিথ্যে কথা ছড়াচ্ছে।