দুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস দুর্গাপুজোর আনন্দে বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি। এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, ১৫ থেকে ১৭ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১১ থেকে ১৩ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ১৪ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা।
১৫-১৭ (পঞ্চমী থেকে সপ্তমী) অক্টোবর বৃষ্টির সম্ভাবনা বেশি
দুর্গাপুজোর সময়ের আবহাওয়ার পূর্বাভাসে বিশেষ নজর ১৫ থেকে ১৭ অক্টোবরের দিকে। এই তিন দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এক-দু’টি জায়গায় বর্ষণের সম্ভাবনা রয়েছে।
১৮ ও ১৯ ((সপ্তমী ও অষ্টমী) অক্টোবর অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর ২০ থেকে ২২ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
১১ তারিখ থেকে কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে থেকে ১৩ অক্টোবর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।
১৪ অক্টোবর শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
১৫ থেকে ১৭ অক্টোবর কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা। এই তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস।
১৮ ও ১৯ অক্টোবর শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।
২০ থেকে ২২ অক্টোবর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের ক্ষেত্রে ১১ থেকে ১৫ অক্টোবর উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস। ১৬ ও ১৭ অক্টোবর উত্তরবঙ্গের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর।