বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের এখন কী অবস্থা? নিম্নচাপ পিছু চাড়ছে না বাংলার। এবারে বর্ষার শুরু থেকেই টানা বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। কখনও উত্তরবঙ্গ, কখনও দক্ষিণবঙ্গ আবার কখনও গোটা বাংলাজুড়েই টানা বৃষ্টি চলেছে। এরইমধ্যে বিশ্বকর্মা পুজোর পর থেকেই বঙ্গোপসাগরে পাকিয়ে উঠছিল ঘূর্ণাবর্ত। গতকাল তা রীতিমতো নিম্নচাপের রূপ নিয়ে গভীর হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে। যার জেরে আগামী শনিবার পর্যন্ত ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
এখন নিম্নচাপের কী অবস্থা বুঝুন
আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিন বলছে, পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ৫ কিমি বেগে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এরপর সকাল সাড়ে ৮টা নাগাদ এই নিম্নচাপ ১৮.০° উত্তর অক্ষাংশ এবং ৮৪.৬° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি অঞ্চলে অবস্থান করছিল। এই জায়গাটি কলিঙ্গপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে প্রায় ৬০ কিমি দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ১৪০ কিমি পূর্ব-উত্তর-পূর্বে, গোপালপুর (ওড়িশা) থেকে ১৫০ কিমি দক্ষিণে এবং পুরী (ওড়িশা) থেকে ২৪০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
আবহাওয়াবিদরা মনে করছেন, এই নিম্নচাপটি আজ রাতের মধ্যে গভীর নিম্নচাপ হিসেবে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। তারপরেও এটি পশ্চিম দিকেই এগিয়ে যাবে।
এরফলে কী হবে?
পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামীকাল সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি (০৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি স্থানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো ও দমকা হাওয়া (গতিবেগ ৪০-৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে স্পেশাল বুলেটিন।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫৫-৬৫ কিমি বেগে দমকা হাওয়া এবং ঘণ্টায় ৭৫ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা। এছাড়াও, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে ঘণ্টায় ৪৫-৫৫ কিমি বেগে দমকা হাওয়া এবং ঘণ্টায় ৬৫ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মৎস্যচাষীদের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপকূলবর্তী ও উপকূলীয় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।