Cyclone Akvan Effect In bengal: ১৪৫ কিমি বেগে ধেয়ে আসছে সাইক্লোন 'আকভান', বাংলার কোথায় কোথায় বৃষ্টি- ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?

১৯ নভেম্বর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং বাঁকুড়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisement
১৪৫ কিমি বেগে ধেয়ে আসছে সাইক্লোন 'আকভান', বাংলার কোথায় কোথায় বৃষ্টি- ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?  প্রতীকী ছবি
হাইলাইটস
  • আকভানের প্রভাবে পশ্চিমবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর
  • বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা রয়েছে

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সেটি। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নেল্লোর ও টুনির মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত।

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি তখন দক্ষিণ ও সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। গত ছ'ঘণ্টায় ঘণ্টায় প্রায় ৩ কিলোমিটার গতিতে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে সেটি। অবস্থান ছিল ১২.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫.৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের মাচিলিপত্তনম থেকে প্রায় ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ঘূর্ণিঝড়ের কেন্দ্র।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আকভান। ১৯ নভেম্বর সকালে সেটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ২০ নভেম্বর সকালে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার, দমকা হাওয়ায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। এরপর স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি কমতে পারে ঘূর্ণিঝড়টির।

আকভানের প্রভাবে পশ্চিমবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা রয়েছে। ১৮ নভেম্বর সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

১৯ নভেম্বর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং বাঁকুড়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের এক-দু'টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক-দু'টি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

Advertisement

২০ নভেম্বরও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার এক-দু'টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কাও থাকছে। ২১ নভেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার এক-দু'টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিনও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সতর্কতা রয়েছে।

এরপর ২২ ও ২৩ নভেম্বরও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ঘূর্ণিঝড়টি সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে না পড়লেও তার প্রভাবে ১৮ নভেম্বর থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হতে পারে। ১৯ থেকে ২১ নভেম্বর বৃষ্টির বিস্তার ও তীব্রতা বাড়ার পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি অনেকটাই আলাদা। ১৮ নভেম্বর সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ১৮ থেকে ২১ নভেম্বর উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ২১ থেকে ২৩ নভেম্বর মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আকভানের প্রভাবে ১৯ থেকে ২১ নভেম্বর দক্ষিণবঙ্গে কয়েকটি সম্ভাব্য সমস্যার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। নিচু এলাকায় এবং আন্ডারপাসে সাময়িক জল জমতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা মাঠে থাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা ফসল এবং উদ্যানচাষেরও কিছু ক্ষতি হতে পারে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় ১৭ থেকে ২০ নভেম্বর সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ১৯ নভেম্বর সকাল থেকে ২০ নভেম্বর পর্যন্ত সেখানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার, দমকা হাওয়ায় ৭০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতা ও হলদিয়া বন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত নম্বর ২ জারি রয়েছে। সাগরদ্বীপ বন্দরে রয়েছে ২, ৪ এবং ৫ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। আবহাওয়া দফতরের পরবর্তী বুলেটিনে ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তির পরিবর্তনের দিকে নজর থাকবে।
 

POST A COMMENT
Advertisement