নবদ্বীপের মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারীরাসপূর্ণিমার দু'দিন আগে নবদ্বীপে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দুপুর নাগাদ নবদ্বীপ পৌঁছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে একটি মন্দিরে পুজো ও আরতি করেন মুখ্যমন্ত্রী। এরপর মন্দির কর্তৃপক্ষ ও মহারাজের তরফে একাধিক আবেদন শোনেন শুভেন্দু অধিকারী। সেখানে তাঁদের আবেদনের প্রেক্ষিতে কিছু প্রতিশ্রুতিও দেন তিনি। পরে সাংবাদিকদের সামনে বিষয়টি জানান মুখ্যমন্ত্রী।
রিসার্চ সেন্টারের জন্য ২ কোটি অর্থ বরাদ্দ
মন্দিরের তরফে অনুরোধ করা হয় একটি রিসার্চ সেন্টারের জন্য অর্থ বরাদ্দ করতে। সে বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এখানে ভক্তদের আর্থিক সহায়তায় প্রভুর উপর একটি রিসার্চ সেন্টার তৈরির কাজ চলছিল। কিন্তু আর্থিক কারণে তা অর্ধসমাপ্ত হয়ে রয়েছে। আমি এই সেন্টারের জন্য ২ কোটি অর্থ বরাদ্দের ঘোষণা করছি।"
নদীর ঘাট, ব্রিজ ও লঞ্চ নিয়ে ঘোষণা
মুখ্যমন্ত্রী জানান, এখানে একটি নদীর ঘাট আগের সরকারের আমলে করা হয়েছিল। কিন্তু সেই ঘাট ভেঙে গিয়েছে। সেই ঘাট নতুন করে সংস্কার করা হবে। তিনি বলেন, "একটি ব্রিজ তৈরির আবেদন করা হয়েছে। আমি একটি স্থায়ী ব্রিজ তৈরির পরিকল্পনা করছি। তবে সেটা হতে সময় লাগবে। যতদিন সেই কাজ না হচ্ছে, ততদিন নদী পারাপার করার জন্য সুসজ্জিত লঞ্চ সার্ভিস চালু থাকবে। ঘাট সংস্কার হলেই এই পরিষেবা চালু হবে। দু'মাসের মধ্যে ঘাটের কাজ সম্পন্ন হবে। আমি ফেব্রুয়ারিতে এসে লঞ্চ পরিষেবার উদ্বোধন করব।"
গোশালার বিস্তার ও সংস্কৃত টোল চালু
এদিন শুভেন্দু অধিকারী পুজোর পর শচিমাতা গোশালাও পরিদর্শন করেন। সেই গোশালার এলাকা বৃদ্ধির কথা জানান তিনি। একইসঙ্গে মন্দির কর্তৃপক্ষের অনুরোধে, একটি সংস্কৃত টোল ও গুরুকুল চালুর বিষয়টিও তাঁর ভাবনা চিন্তায় রয়েছে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এসব কাজে অর্থ অন্তরায় হয়ে দাঁড়াবে না বলে আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, আজ নবদ্বীপে বড় শ্যামা মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও, ভারতমাতার মন্দিরে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি যেতে পারেন মায়াপুরেও। সেখানে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পাশাপাশি গো-মাতার সেবায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী।