
বক্সার জঙ্গল থেকে বাঘ পালানোর কারণ ব্যাখ্যা করলেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডুবক্সায় বাঘ থাকতে চাইছে না! এই নিয়ে দ্বিতীয় বার ফেন্সিং আঁচড়ে কেটে পালিয়ে গেল বাঘিনী। বাঘের গায়ে থাকা রেডিও কলার থেকে জানা যায়, বাঘটি বক্সার ২৫ মাইল জঙ্গল থেকে ২৭ মাইলের জঙ্গলের দিকে অগ্রসর হয়েছে। এর আগেও যখন ২ অক্টোবর বক্সায় ৩ বছর বয়সী বাঘিনীকে ছাড়া হয়েছিল। বিহারের বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প থেকে তাকে আনা হয়েছিল বক্সার জঙ্গলে। সে অসমের দিকে পালিয়ে যায়। এখন প্রশ্ন হল উত্তরবঙ্গে বক্সা জঙ্গলে কেন বাঘ টিকছে না? ঠিক কোথায় সমস্যা? কী তার সমাধান? bangla.aajtak.in-কে এই বিষয়ে বিস্তারিত জানালেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু।
বক্সায় বাঘ কেন থাকতে চাইছে না?
এই প্রশ্ন জয়দীপ জানালেন, এই দুটি কারণ হতে পারে। সম্ভবত, মানুষ যে জায়গাকে বা জঙ্গলকে বাঘের অনুকূল বলে মনে করছে, বাঘ নিজে তা মনে করছে না। অর্থাত্ সে কমফোর্ট জোন খুঁজে পাচ্ছে না। তাঁর কথায়, 'এটা একটা বাঘের রি-ইন্ট্রোডাকশন প্রোগ্রাম। তার মানে হল, লোকেশন A, যেটি বাঘের জন্মস্থান, সেই লোকেশন A থেকে বাঘকে নিয়ে গিয়ে লোকেশন B-তে ছাড়া হয়েছে। তার মানে ওই বাঘের কাছে সম্পূর্ণ একটি নতুন ল্যান্ডস্কেপ। নতুন জায়গা। এ বার একটি বন্যপ্রাণী বা জঙ্গলের বাঘকে যখন নতুন ল্যান্ডস্কেপে ছাড়া হয়, সে তখন ওই ল্যান্ডস্কেপকে এক্সপ্লোর করতে আরম্ভ করে। অর্থাত্ সে ঘুরে দেখতে চায়, কোন জায়গায় সে তার নিজের মতো করে স্বাচ্ছন্দ্য পাচ্ছে বা কমফোর্ট জোন পাচ্ছে। নিজের স্পেস সে কোনটি তৈরি করতে পারছে। তার নিজের নতুন টেরিটোরি বা এলাকা কোনখানে সে স্থাপন করতে পারবে।'

তা হলে বক্সায় কি বাঘ নিজের কমফোর্ট জোন পাচ্ছে না?
ওই বাঘিনী যে কোনও কারণেই হোক, ভীষণ ওভার অ্যাক্টিভ ছিল বলে দাবি জয়দীপের। বললেন, 'আমরা একদম সাম্প্রতিক ডেভেলপমেন্টে জানতে পারছি, বাঘটি যে কোনও কারণেই হোক, খুবই ওভার অ্যাক্টিভ ছিল। যখন তার জ্ঞান ফেরে এবং তাকে সফ্ট রিলিজ করা হয় একটি এনক্লোজারের মধ্যে, তারপরে তাকে হার্ড রিলিজ করা হয়। অর্থাত্ এনক্লোজার খুলে দেওয়া হয়, সে বেরিয়ে যায়। এ বার যখন সে এনক্লোজার থেকে বেরিয়ে গেল, তখন সে তার পারিপার্শ্বিক ল্যান্ডস্কেপকে এক্সপ্লোর করতে শুরু করল। সোজা বাংলায়, সে ওই জায়গা জরিপ করে দেখে, কোথায় তার কমফোর্ট জোন।'
কীভাবে বোঝা যাবে বক্সার জঙ্গল বাঘের বসবাসের অনুকূল কি না?
এ ক্ষেত্রে বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু দু'টি কারণের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। প্রথম কারণ হতে পারে, পারিপার্শ্বিক ল্যান্ডস্কেপ এক্সপ্লোর করা। আরেকটি কারণ হতে পারে, যে জায়গায় আমরা আশা করছিলাম, সে সেখানে থাকবে, সেই জায়গা বা জঙ্গলটি হয়তো সে নিজের মতো অনুকূল মনে করছে না। তাঁর কথায়, 'এর উত্তর দিতে পারবে দুজন। বাঘ নিজে। আর না হলে বিজ্ঞান। বন্যপ্রাণ বিজ্ঞানের মাধ্যমে আমাদের বুঝতে হবে, যে ল্যান্ডস্কেপে বাঘটিকে ছাড়া হয়েছিল, সেই ল্যান্ডস্কেপটি তা হলে কি তার পক্ষে অনুকূল নয়? সেই জন্যই কি সে নতুন জায়গার খোঁজে বেরিয়ে গেল? এইটা একটা কারণ হতে পারে।'

এই সমস্যার সমাধান কী?
There should be a very sincere approach with the help of Science। অর্থাত্ এর সমাধান লুকিয়ে রয়েছে বিজ্ঞানেই। এমনটাই মনে করছেন জয়দীপ। তাঁর কথায়, 'বিজ্ঞানের মাধ্যমে আমাদের আগে বুঝতে হবে, বক্সায় যেখানে বাঘ ছাড়া হয়েছে, সেখানে কোনও ধরনের এমন কিছু কারণ আছে, যেটি বাঘ নিজের অনুকূল মনে করছে না। দেখুন, বাঘ সংরক্ষণের জন্য তিনটি জিনিস স্তম্ভের মতো প্রয়োজন। এক নম্বর হল, বাঘের নিজের জায়গা, দুই হল, আইসোলেশন, যা ভীষণই গুরুত্বপূর্ণ। বাঘের ল্যান্ডস্কেপে কোনও রকমের ডিস্টার্বেন্স থাকবে না। যে হয়তো আমি মনে করছি না বিরক্তিকর, কিন্তু বাঘের মনে হচ্ছে, তার কাছে বিরক্তিকর। তিন নম্বর, প্রোটেকশন। অর্থাত্ বনদফতরের পক্ষ থেকে যে প্রোটেকশন প্রোটোকল তৈরি করা হয়, যাতে কোনও বাইরের প্রভাব বাঘের অস্ত্বিত্বকে চ্যালেঞ্জ না করতে পারে। অর্থাত্, স্পেস, আইসোলেশন ও প্রটেকশন। এই তিনটি হল বাঘ সংরক্ষণের মূল স্তম্ব।'
বিজ্ঞানেই লুকিয়ে রয়েছে সমাধান
মোদ্দা বিষয়, বিজ্ঞান দিয়েই বুঝতে হবে, বক্সার জঙ্গলে ল্যান্ডস্কেপে কোনও খামতি আছে কিনা। এবং একই সঙ্গে জয়দীপ প্রশ্ন তুললেন, যে ট্র্যাক ধরে বাঘ অসমের দিকে চলে যাচ্ছে, সেই ট্র্যাক ধরেই বাঘ বক্সায় ফিরছে না কেন? এ ক্ষেত্রে সেই সিমলিপালের জঙ্গল থেকে পুরুলিয়ায় চলে আসা বাঘের উদাহরণ দিলেন তিনি। বললেন, 'ধরুন যে ট্র্যাক ফলো করে বাঘ অসম পর্যন্ত চলে গেল, সেই ট্র্যাক দিয়ে অসমের দিক থেকে বাঘ কেন বক্সার দিকে আসছে না? দেখুন, বক্সা নিয়ে আমরা যেটা এতদিন শুনে এসেছি, বক্সায় নাকি চিরকাল বাঘ ছিল। কিন্তু বাঘ বক্সায় কখনওই পাকাপাকি ভাবে থেকে যায় না। তারা হয় ভুটানের দিকে চলে যায়। না হলে অন্যান্য দিকে এক্সপ্লোর করে। তা হলে কী কারণে এটা হতে পারে? একবছর আগের ঘটনা দেখুন, শিমলিপাল থেকে বাঘ চলে এল পুরুলিয়ায়। তার কারণ ছিল, শিমলিপালের ল্যান্ডস্কেপ তার হয়তো পছন্দ হয়নি। সে আরও গ্রেটার ল্যান্ডস্কেপ খুঁজতে খুঁজতে সে পুরুলিয়ায় এসে পৌঁছয়। পুরুলিয়ায় সে যথেষ্ট ভালভাবে বাস করছিল। সেই সময় পুরুলিয়ার দায়িত্বে যে বনকর্তারা ছিলেন, তাঁরা এত ভাল ম্যানেজ করছিলেন, কোনও সংঘাতের পরিস্থিতি সে সময় তৈরি হয়নি। বাঘ যে জায়গা নিজের কমফর্ট জোন মনে করবে, সেখানেই বাঘ বসবাস করবে। এবং তখন বাঘ সঙ্গী খুঁজবে এবং জীবনযাপন করবে।'