Vasteguna Huiyaগত কয়েকদিন ধরে ইনস্টাগ্রাম, এক্স বা ফেসবুক খুললেই বারবার চোখে পড়ছে একটি অদ্ভুত শব্দবন্ধ, 'Vasteguna Huiya'। প্রতিবাদের মিছিল, মিম, রিল, কমেন্ট সেকশন থেকে শুরু করে সংসদ পর্যন্ত পৌঁছে গিয়েছে এই বাক্য। কিন্তু এর আসল অর্থ কী? অনেকেই উত্তর খুঁজছেন। মজার বিষয় হল, এই শব্দবন্ধের কোনও নির্দিষ্ট অর্থই নেই। আর সেটাই এর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ।
কোথা থেকে এল 'Vasteguna Huiya'?
সোশ্যাল মিডিয়ায় প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ককরোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলনের সময় তরুণ-তরুণীরা কথাবার্তার ফাঁকে, পুলিশের সামনে কিংবা স্লোগানের মাঝেই বারবার 'Vasteguna Huiya' বলতে শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই এটি রিল, শর্ট ভিডিও এবং মিমের জনপ্রিয় টপিকে পরিণত হয়।
কোনও অর্থ নেই, তবু এত জনপ্রিয় কেন?
ইন্টারনেট সংস্কৃতিতে এমন অনেক শব্দ বা বাক্য রয়েছে, যেগুলোর নির্দিষ্ট অর্থ নেই। বরং সেগুলি একটি নির্দিষ্ট অনলাইন সংস্কৃতি বা রসিকতার অংশ। 'Bruh', 'Skibidi'-র মতোই 'Vasteguna Huiya'-ও এমনই একটি অভিব্যক্তি, যার আকর্ষণ মূলত তার উচ্চারণ ও ব্যবহারেই।
২০১৫ সালের একটি ভাইরাল ভিডিওর সঙ্গে যোগ?
অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর দাবি, এই ট্রেন্ডের শিকড় রয়েছে ২০১৫ সালের একটি ভাইরাল Vine ভিডিওতে। সেখানে এক কিশোর সিঁড়ির উপর থেকে চিৎকার করে বলেছিল, 'Can I get a Hoiya?'। নীচে দাঁড়ানো আর একজন তার উত্তরে বলেছিল, 'Oh Yeah!'
পরবর্তী সময়ে টিকটক ও ইনস্টাগ্রামে সেই অডিও নতুন করে জনপ্রিয় হয়। ভারতীয় কনটেন্ট নির্মাতারা সেটিকে নিজেদের মতো করে নকল ও পরিবর্তন করতে করতে ধীরে ধীরে 'Can I get a Hoiya?'-কে 'Vasteguna Huiya'-তে রূপান্তরিত করেন।
লোকসভাতেও শোনা গেল এই শব্দ
এই ভাইরাল বাক্য এবার পৌঁছে গিয়েছে সংসদেও। পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনার সময় কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা জেন জি প্রজন্মের ভাষা ও যোগাযোগের ধরন ব্যাখ্যা করতে গিয়ে 'Vasteguna Huiya'-র উল্লেখ করেন। এরপর থেকেই বিষয়টি আরও বেশি আলোচনায় উঠে আসে।
এখন কীভাবে ব্যবহার হচ্ছে?
বর্তমানে 'Vasteguna Huiya' বন্ধুদের শুভেচ্ছা জানানো, মজার ছলে কথার মাঝখানে ঢুকিয়ে দেওয়া, রিল বা মিমের ক্যাপশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর কোনও অভিধানগত অর্থ না থাকলেও, এই শব্দবন্ধ ব্যবহার করলেই বোঝানো হয় যে, ব্যবহারকারী ভাইরাল ইন্টারনেট ট্রেন্ডের সঙ্গে পরিচিত। জেন জি-দের ভাষায় সেই ব্যাক্তি 'Baddie'।