একটি প্রাইভেট জেটের দাম কত কোটির?Private Jet Price: নিজের জেট প্লেন। এমন স্বপ্ন শুধু ধনকুবেরদেরই থাকতে পারে। কিন্তু, একটি প্রাইভেট জেটের দাম কত? নতুন বিমান কেনার খরচ কয়েকশো কোটি টাকা পর্যন্তও হতে পারে। তবে পুরনো মডেলের বিমান তুলনায় অনেক কম দামেও পাওয়া যায়। এমনকি কয়েক কোটি টাকার মধ্যে পুরনো ছোট জেট কেনেন অনেকে। তেমন টাকা এদেশে অনেক বড় ব্যবসায়ীরই আছে। তবে সমস্যা অন্য জায়গায়। প্লেন শুধু কিনলেই হবে না। বিমান রক্ষণাবেক্ষণের খরচও যথেষ্ট বেশি। যথেষ্ট ব্যবহার না হলে, সেই খরচ পোষাবে না। অর্থাৎ, যাঁদের টিম, লোকলস্কর নিয়ে খুব ঘন ঘন বিভিন্ন দেশের প্লেনের টিকিট কেটে যেতে হয়, তাঁদের ক্ষেত্রে প্রাইভেট জেট কিনে লাভ আছে। নয় তো লস!
আন্তর্জাতিক বাজারে ছোট জেটের দাম শুরু হতে পারে প্রায় ৩.৫-৩.৬ মিলিয়ন ডলার থেকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩০ কোটি টাকার কাছাকাছি। এই বিভাগে রয়েছে Cirrus Vision Jet-এর মতো বিমান। অন্য দিকে, ব্যবহৃত ছোট জেটের দাম আরও কম। পুরনো মডেল এবং বিমানের অবস্থার উপর নির্ভর করে কয়েক লক্ষ ডলারেও কিছু বিমান পাওয়া যায়। তবে সেগুলি কেনার আগে যন্ত্রাংশ, ইঞ্জিন এবং সিকিউরিটি সিস্টেমেট টেস্টিং করে নিতে হয়।
বিমানের আকার ও ক্ষমতা বাড়লে দামও দ্রুত বাড়ে। লাইট জেটের দাম সাধারণত কয়েকশো কোটি টাকার নীচে থাকলেও মাঝারি আকারের জেটের জন্য খরচ আরও বেশি। বড় কেবিন এবং দীর্ঘ দূরত্বে উড়তে সক্ষম বিমানের দাম ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। Gulfstream এবং Bombardier-এর মতো সংস্থার বিলাসবহুল বিমান এই তালিকায় পড়ে।
ভারতে বিমান কেনার ক্ষেত্রে আরও কিছু খরচ মাথায় রাখতে হয়। বিদেশ থেকে বিমান আনলে আমদানি শুল্ক, কর, নথিপত্র এবং রেজিস্ট্রেশনের খরচ যুক্ত হয়। তার উপর রয়েছে পাইলটের বেতন, জ্বালানি, বিমার টাকা, হ্যাঙ্গারে রাখার খরচ এবং নিয়মিত মেরামতি। ফলে কেনার প্রাথমিক দামই শেষ কথা নয়।
তবে যাঁদের নিয়মিত ব্যক্তিগত বিমানে যাতায়াতের প্রয়োজন নেই, তাঁদের জন্য জেট ভাড়া নেওয়াই সুবিধাজনক হতে পারে। ভারতে ছোট জেট ভাড়া করতে ঘণ্টায় প্রায় ৩.৫-৪ লক্ষ টাকা খরচ হতে পারে। বড় বিমানের ক্ষেত্রে সেই অঙ্ক আরও বাড়ে।