সে কারণে ইচ্ছা পূরণ হচ্ছে না বলে অভিযোগ।Kaushambi News: প্রেমিককেই বিয়ে করতে চায় কিশোরী। কিন্তু পরিবারের আপত্তি। জাতপাতের ব্যাপার। সে কারণে ইচ্ছা পূরণ হচ্ছে না বলে অভিযোগ। শেষ পর্যন্ত রাগে মোবাইল টাওয়ারে উঠে পড়ল ১৫ বছরের এক কিশোরী। তাকে উঁচু টাওয়ারে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় কিশোরীকে নিরাপদে নীচে নামানো সম্ভব হয়। ঘটনাটি উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি সন্দীপন ঘাট থানার সিকন্দরপুর বজহা গ্রামের। ওই কিশোরী বেশ কয়েক বছর ধরে এক যুবকের সঙ্গে সম্পর্কে রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সে ওই যুবককেই বিয়ে করতে চায়। কিন্তু দু’জনের জাত আলাদা হওয়ায় বিয়ে সম্ভব হচ্ছে না বলে অভিযোগ। সেই কারণেই ক্ষোভ থেকে কিশোরী মোবাইল টাওয়ারে উঠে পড়ে বলে দাবি।
মাইক দিয়ে বোঝানোর চেষ্টা পুলিশের
স্থানীয় বাসিন্দারা কিশোরীকে টাওয়ারে উঠতে দেখে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের কথায় কান দেয়নি সে। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় কিশোরীর পরিবারের সদস্যদের এবং পুলিশকে। খবর পেয়ে ডায়াল ১১২-এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
পুলিশ প্রথমে মাইকের সাহায্যে কিশোরীকে নীচে নেমে আসার অনুরোধ করে। কিন্তু তাতেও কাজ হয়নি। নিজের সিদ্ধান্তে অনড় থাকে সে। এর পর পুলিশকর্মীরা লাগাতার তার সঙ্গে কথা বলতে থাকেন। কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়। তাঁদের সাহায্য নিয়ে তাকে বোঝানোর চেষ্টা চলে।
প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই তৎপরতা। শেষ পর্যন্ত কিশোরীকে নিরাপদে টাওয়ার থেকে নীচে নামাতে সক্ষম হয় পুলিশ। তার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
কী বলছে পুলিশ?
সন্দীপন ঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাগেন্দ্র সিংহ জানিয়েছেন, কিশোরীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং তাকে বিয়ে করার ইচ্ছার কথা জানিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
কিশোরীর বয়স প্রায় ১৫ বছর বলে জানিয়েছে পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। টাওয়ারে ওঠার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।