Train Cancel: টালা ট্যাঙ্কের পাইপ ফেটে বিপত্তি, বুধবারও বাতিল ৫ লোকাল, বদল একাধিক ট্রেনের রুট, লিস্ট রইল
টালা ট্যাঙ্কের পাইপ ফেটেছে। যার জন্য ৫টি লোকাল ট্রেন আজ বাতিল থাকছে। একাধিক ট্রেন চলবে ঘুরপথে। কিছু ট্রেনের চলার পথ কাটছাঁট করা হয়েছে। সবটা জেনে নিন।
ট্রেন ক্যানসেল- কলকাতা,
- 11 Nov 2026,
- (Updated 11 Nov 2026, 7:22 AM IST)
হাইলাইটস
- টালা ট্যাঙ্কের পাইপ ফেটেছে
- যার জন্য ৫টি লোকাল ট্রেন আজ বাতিল থাকছে
- কিছু ট্রেনের চলার পথ কাটছাঁট করা হয়েছে
ফেটেছে টালা ট্যাঙ্কের পাইপ। যার জেরে জলমগ্ন হয়ে রয়েছে টালা, কলকাতার মতো স্টেশনও। জলের তলায় চলে গিয়েছে লাইন। যার ফলে মঙ্গলবারের মতোই বুধবারও কিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এমনকী একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। কিছু ট্রেনের রুট করা হয়েছে কাঁটছাঁট। আসুন এই সব ট্রেনের তালিকাটা একবার দেখে নেওয়া যাক।
কোন কোন ট্রেন বাতিল?
রেলের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, আজ মোট পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। এই যেমন সকাল ১০টা ২০ মিনিট, দুপুর ১২টা ৫৮মিনিট, বিকেল ৩টা ৫০ মিনিট এবং রাত ৮টা ১০ মিনিটের মাঝেরহাট-বারাসত লোকালগুলি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যা ৬টা ৮ মিনিটের দত্তপুকুর-মাঝেরহাট লোকালও করা হয়েছে বাতিল।
কাঁকুড়গাছি হয়ে অন্য পথে চলবে
- মধ্যমগ্রাম–মাঝেরহাট লোকালও কাঁকুড়গাছি হয়ে নির্ধারিত পথে চলবে। এই ট্রেনটি সকাল ১১টা ৪৭ মিনিটে মাঝেরহাট পৌঁছনোর কথা।
- মাঝেরহাট–হাসনাবাদ লোকাল ট্রেনটি দুপুর ১২টা ৩৮ মিনিটে মাঝেরহাট ছাড়বে। তারপর কাঁকুড়গাছি হয়ে নির্ধারিত পথে যাত্রা শুরু করবে।
বালিগঞ্জে যাত্রা শুরু ও শেষ
- সকাল ৮টা ৪৬ মিনিটের চম্পাহাটি–মাঝেরহাট লোকাল মাঝেরহাট পর্যন্ত যাবে না। বালিগঞ্জেই যাত্রা শেষ করবে ট্রেনটি।
- বিকেল ৪টা ১ মিনিটের লক্ষ্মীকান্তপুর–মাঝেরহাট লোকালও মাঝেরহাট যাত্রা করবে না। বালিগঞ্জই শেষ স্টপেজ।
- সকাল ৯টা ৫৫ মিনিটের মাঝেরহাট–হাসনাবাদ লোকাল বালিগঞ্জ থেকে ছাড়বে।
- বিকেল ৫টার মাঝেরহাট–দত্তপুকুর লোকালও বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দু’টি ট্রেনই বালিগঞ্জ ও কাঁকুড়গাছির পরিবর্তিত রুটে চলবে।
- বনগাঁ–মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি হয়ে ঘুর পথে চলবে। মোটামুটি সকাল ৮টা ৫০ মিনিটে বালিগঞ্জ স্টেশনে পৌঁছবে।
- একই ভাবে সকাল ১০টা ১২ মিনিটের মাঝেরহাট–লক্ষ্মীকান্তপুর লোকাল বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে।
মাঝেরহাটে যাত্রা শুরু ও শেষ
- শিয়ালদা–বিবাদী বাগ লোকাল দু’টি মাঝেরহাট পর্যন্ত চলবে। প্রথম ট্রেনটি সকাল ৯টা ৩৪ মিনিটে এবং দ্বিতীয়টি বিকেল ৫টা ৪৭ মিনিটে মাঝেরহাটে পৌঁছবে।
- অন্য দিকে, সকাল ১১টা ২২ মিনিটের বিবাদী বাগ–শিয়ালদা লোকাল মাঝেরহাট থেকে ছাড়বে।
- সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের বিবাদী বাগ–ব্যারাকপুর লোকালও মাঝেরহাট থেকেই যাত্রা শুরু করবে। বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।
তাই আজ ট্রেনে যাতায়াতের বিষয় থাকলে এই সব বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন। নইলে অহেতুক ফেঁসে যাবেন।