দেবীপক্ষে নবান্ন থেকে চাকরি নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুরচলতি আর্থিক বছরে রাজ্যে এক লক্ষেরও বেশি নিয়োগ হবে, নিজেই সেই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেবীপক্ষে আরও একটি বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার ৪৫ হাজার ১৮৫টি সরকারি শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, সম্প্রতী রাজ্যের ১১ হাজার পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময়েই তিনি বলেছিলেন, নভেম্বরের শেষে আরও ৯ হাজার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করবে পশ্চিমবঙ্গ সরকার। এরমধ্যেই ৪৫ হাজার চাকরি নিয়ে বড় সুখবর দিয়েছেন তিনি।
কোথায় কত নিয়োগ হচ্ছে?
চতুর্থীতে নবান্নে ক্যাবিনেট বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এরপর সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে বিরাট ঘোষণা করেনতিনি। জানিয়ে দেন পুলিশ, স্কুল, পঞ্চায়েতসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৪৫ হাজার ১৮৫ জনকে নিয়োগ করা হবে। শুভেন্দু অধিকারী বলেন, 'টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কুল ডেভেলপমেন্টে ১৮৮৬ জন, পুলিশে ৯৯৬ জন, পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টে ৭১১৯ জন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে ৩৩,১৯১ জনকে নিয়োগের অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।'
স্কুলশিক্ষা দফতরে সবচেয়ে বেশি নিয়োগ
সবমিলিয়ে মোট ৪৫ হাজার ১৮৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে টেকনিক্যাল এডুকেশন দফতরে ১৮৮৬ অফিসার ও ক্লার্ক নিয়োগ করা হবে। পুলিশের বিভিন্ন অফিসার পদে ৯৯৬টি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দফতরে ৭১১৯ জন, স্কুলশিক্ষা দফতরে ৩৩,১৯৯ পদে নিয়োগ হবে। শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, স্কুলেই সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে। ৩৩,১৯১ জনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাইমারি) ৪৪৩২ জন, আপার প্রাইমারিতে ৬০৫২ জন, অ্যাসিস্ট্যান্ট টিচার ১২,৩৪৩ জন, ফার্স্ট গ্রেড টিচার ১০৩২ জন, অ্যাসিস্ট্যান্ট টিচার (পিজি) ২৩ জন, এবং ৪,৩৯৪ জন হেডমাস্টার নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
কবে শুরু হবে নিয়োগ?
নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার কথা বলা হলেও, কোন পদে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আবেদন করার যোগ্যতা কী হবে এবং পরীক্ষার সম্ভাব্য সময়সূচি কী—সেই বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট দফতরের সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিয়োগ নিয়ে কী পরিকল্পনা রাজ্যের?
চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই রাজ্য সরকারের বিভিন্ন দফতরে মোট এক লক্ষ কর্মী নিয়োগ করা হবে। সেপ্টেম্বরে মন্ত্রিসভার বৈঠকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রের খবর, অক্টোবর থেকে আগামী মার্চের মধ্যে ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং স্কুলশিক্ষা দফতরের নিয়োগও রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে, রাজ্য সরকারের ৫৪টি দফতরের মাধ্যমে মোট এক লক্ষ কর্মী নিয়োগ হবে। দফতরভিত্তিক নিয়োগের সংখ্যা সাত হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত হতে পারে। চলতি অর্থবর্ষের শেষ পাঁচ মাসে সরকারি চাকরিতে নিয়োগের গতি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য। সংশ্লিষ্ট দফতরগুলির শূন্যপদ এবং প্রয়োজনের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া এগোনোর কথা।