AC রিমোট দিয়ে বন্ধ করবেন নাকি সুইচ থেকে? সঠিক নিয়ম জেনে রাখুন

এসি ঠিক কীভাবে বন্ধ করা উচিত, তা অনেকেই জানেন না। এসি রিমোট দিয়ে বন্ধ করা ভাল, না কি সরাসরি সুইচ অফ করা উচিত? বিশেষজ্ঞদের মতে, ভুল পদ্ধতিতে বারবার এসি বন্ধ করলে দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে।

Advertisement
AC রিমোট দিয়ে বন্ধ করবেন নাকি সুইচ থেকে? সঠিক নিয়ম জেনে রাখুনআপনার এসি কি রিমোট দিয়ে বন্ধ করা উচিত, নাকি সরাসরি সুইচ দিয়ে?
হাইলাইটস
  • এসি ঠিক কীভাবে বন্ধ করা উচিত, তা অনেকেই জানেন না।
  • রিমোট দিয়ে বন্ধ করা ভাল, না কি সরাসরি সুইচ অফ করা উচিত?
  • কোন পদ্ধতি বেশি নিরাপদ, তা জেনে নেওয়া জরুরি।

আজকাল ঘরে ঘরে এসি। আগে শুধুমাত্র ধনী, উচ্চবিত্তদের বাড়িতই এসি দেখা যেত। এখন গরমের দাপট এতটাই বেশি যে এসি ছাড়া টেকা দায়! কিন্তু এসি নিয়ে অনেকের মধ্যেই নানা ভুল ধারণা রয়েছে। আছে সঠিক তথ্যের অভাবও। ঠিক যেমন, এসি ঠিক কীভাবে বন্ধ করা উচিত, তা অনেকেই জানেন না। এসি রিমোট দিয়ে বন্ধ করা ভাল, না কি সরাসরি সুইচ অফ করা উচিত? বিশেষজ্ঞদের মতে, ভুল পদ্ধতিতে বারবার এসি বন্ধ করলে দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে। তাই রোজকার ব্যবহারে কোন পদ্ধতি বেশি নিরাপদ, তা জেনে নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের বক্তব্য, নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে এসি রিমোট দিয়েই বন্ধ করা সবচেয়ে ভাল। কারণ রিমোট দিয়ে বন্ধ করলে এসি হঠাৎ করে থেমে যায় না। বরং ধীরে ধীরে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কম্প্রেসর এবং ভিতরের বিভিন্ন অংশ কাজ বন্ধ করে। এতে যন্ত্রাংশের উপর অতিরিক্ত চাপ পড়ে না। ফলে এসির আয়ুও বাড়ে।

অনেকেই খেয়াল করেছেন, স্প্লিট এসি রিমোট দিয়ে বন্ধ করলে সামনের ফ্ল্যাপ নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু সরাসরি সুইচ অফ করলে ফ্ল্যাপ অনেক সময় খোলাই থেকে যায়। প্রযুক্তিবিদদের মতে, এটি প্রমাণ করে যে রিমোট দিয়ে বন্ধ করলে মেশিনটি সঠিক ‘শাটডাউন প্রসেস’ সম্পূর্ণ করার সুযোগ পায়।

রিমোট দিয়ে বন্ধ করার আরও একটি সুবিধা হল, এসির সেটিংস সেভ থাকে। অর্থাৎ আগের তাপমাত্রা, ফ্যান স্পিড বা মোড আবার নতুন করে সেট করতে হয় না। পরের বার এসি চালু করলেই আগের সেটিংসে কাজ শুরু করে।

তবে অনেকেরই ধারণা, রিমোট দিয়ে বন্ধ করলে নাকি বিদ্যুৎ খরচ চলতেই থাকে। বাস্তবে এসি তখন পুরোপুরি বন্ধ হয় না ঠিকই, কিন্তু ‘স্ট্যান্ডবাই মোড’-এ চলে যায়। সেই সময় খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। বিশেষজ্ঞদের মতে, সেই খরচ এতটাই কম যে সাধারণ বিদ্যুৎ বিলে বড় কোনও প্রভাব পড়ে না।

Advertisement

তা হলে সুইচ অফ করার প্রয়োজন কবে? বিশেষজ্ঞদের পরামর্শ, যদি দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকতে হয়, যেমন অফিস, ভ্রমণ বা কয়েক দিনের জন্য বাইরে যাওয়া, সে ক্ষেত্রে সুইচ অফ করাই ভাল। এতে স্ট্যান্ডবাই বিদ্যুতের খরচও বন্ধ হয়। পাশাপাশি বজ্রপাত, ভোল্টেজ ওঠানামা বা শর্ট সার্কিটের ঝুঁকিও কমে।

বিশেষ করে বর্ষাকালে বা ঝড়-বৃষ্টির সময়ে সরাসরি সুইচ অফ রাখাকে বেশি নিরাপদ বলেই মনে করছেন প্রযুক্তিবিদেরা। অনেক এলাকায় ভোল্টেজ ওঠানামার সমস্যাও থাকে। সে ক্ষেত্রেও সুইচ অফ করে রাখা ভাল অভ্যাস।

তবে প্রতিবার ব্যবহার শেষে সরাসরি সুইচ অফ করার অভ্যাস ভাল নয় বলেই মত বিশেষজ্ঞদের। কারণ হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে কম্প্রেসর এবং ইলেকট্রনিক সার্কিটের উপর চাপ পড়তে পারে। দীর্ঘদিন এমন চললে এসির পারফরম্যান্সও কমে যেতে পারে।

সব মিলিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, রোজকার ব্যবহারে রিমোট দিয়েই এসি বন্ধ করুন। আর দীর্ঘ সময় ব্যবহার না করলে বা খারাপ আবহাওয়ার আশঙ্কা থাকলে সুইচ অফ রাখুন। তাতেই এসি দীর্ঘদিন ভাল থাকবে, কমবে যান্ত্রিক সমস্যার আশঙ্কাও। 

POST A COMMENT
Advertisement