কলকাতার পুজোর শপিংয়ে নো টেনশনপুজোর ভিড় সামলাতে ৭ অক্টোবর, বুধবার একাধিক বড় ঘোষণা করল শিয়ালদা ডিভিশন। পুজোর জন্য স্পেশাল ট্রেন চালানো থেকে শুরু করে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে পুজোর আগেও ছোট্ট চমক দিল শিয়ালদা ডিভিশন। যাত্রীরা যাতে নির্বিঘ্নে পুজোর শপিং করতে পারে তার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল রেল।
পুজো শপিং-এর জন্য ট্রেন
শিয়ালদা- রানাঘাট- লালগোলা সেকশনে এই স্পেশাল ট্রেন চালানো হবে। শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে, লালগোলা সেকশনে প্রি-পুজো যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শিয়ালদা–রানাঘাট–লালগোলা রুটে চারটি স্পেশাল EMU ট্রেন চালানো হবে। পুজোর মূল ভিড় শুরু হওয়ার আগেই এই অঞ্চলের যাত্রী, বিশেষ করে কেনাকাটার জন্য যাতায়াতকারী মানুষদের সুবিধাজনক যাত্রার সুযোগ করে দেওয়াই এই পরিষেবার মূল উদ্দেশ্য।
উল্লেখ্য বিষয় হল, দুর্গাপুজো উপলক্ষে মুর্শিদাবাদের লালগোলা-সহ, নদিয়া জেলার একাধিক এলাকা থেকেও প্রচুর সংখ্যক মানুষ কলকাতায় আসেন শপিং করতে। ফলে দুর্গাপুজোর আগে এই সময় ট্রেনের উপর অতিরিক্ত চাপ পড়ে। সেই বিষয়টিকে মাথায় রেখেই এবার প্রি-পুজো স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল রেল।
অন্যদিকে, যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে দিগনগর হল্ট হয়ে শান্তিপুর (STB) ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে দৈনিক ট্রেন পরিষেবা ১ জোড়া থেকে বাড়িয়ে ২ জোড়া করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। সকালের UP ট্রেনটি শান্তিপুর থেকে ০৯:৩৪ ঘণ্টায় ছেড়ে ১০:০৭ ঘণ্টায় কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছাবে। ফেরার DN ট্রেনটি কৃষ্ণনগর থেকে ১০:১৭ ঘণ্টায় ছেড়ে ১০:৪৩ ঘণ্টায় শান্তিপুরে পৌঁছাবে। এর ফলে অফিসযাত্রী, পড়ুয়া এবং স্থানীয় যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে জানিয়েছে রেল।
অন্যদিকে, কৃষ্ণনগর সেকশনের যাত্রীদের সুবিধা দিতে বাদকুল্লায় চারটি AC EMU লোকালের পরীক্ষামূলক স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদা ডিভিশন।