
Royal Enfield Classic 650-এর স্পেশাল এডিশনে কী থাকছে?Royal Enfield Classic 650 Hypershift: রয়্যাল এনফিল্ড ফ্যানদের জন্য সুখবর। সংস্থার ১২৫ বছর পূর্তি। আর সেই উপলক্ষে বাজারে এল Classic 650-এর স্পেশাল এডিশন Hypershift। এই বাইকের সবচেয়ে বড় আকর্ষণ এর রং। আলো পড়ার সঙ্গে সঙ্গে বাইকের গায়ে লাল, সবুজ ও সোনালি রঙের আভা ফুটে উঠবে। দূর থেকে দেখলে অনেকটা সেই কবীর সিং সিনেমায় শাহিদ কাপুরের বাইকের মতো রং। তবে তার চেয়েও বেশি সুন্দর। দুঃখের বিষয় হল, চাইলেই এই বাইক কেনা যাবে না। কারণ, ভারতে মাত্র ১২৫টি বাইক বিক্রি করবে সংস্থা। দামও সাধারণ Classic 650-এর তুলনায় অনেকটাই বেশি।

Royal Enfield Classic 650 Hypershift: দাম কত?
Classic 650 Hypershift-এর এক্স-শোরুম দাম ৪.২৬ লক্ষ টাকা। সংস্থার তরফে জানানো হয়েছে, ১৬ অক্টোবর দুপুর ২টো থেকে এই বিশেষ সংস্করণের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। ওই দিন থেকেই বাইক কেনার সুযোগ পাবেন ক্রেতারা। তবে নির্দিষ্ট সংখ্যক বাইক থাকায় রেজিস্ট্রেশন করলেই যে বাইক মিলবে, তার কোনও গ্যারান্টি নেই। নভেম্বর থেকে বাইকের ডেলিভারি শুরু হওয়ার কথা।
Classic 650-এর স্পেশাল এডিশনে কী থাকছে?
এই বাইকের মূল আকর্ষণ এর বিশেষ রং। Hypershift ফিনিশের কারণে আলো ও দেখার কোণ বদলালে বাইকের রং লাল, সবুজ ও সোনালির বিভিন্ন আভা ধারণ করে। ফলে সাধারণ Classic 650-এর তুলনায় এটি অনেকটাই আলাদা চেহারা পেয়েছে।
টিয়ারড্রপ শেপের ফুয়েল ট্যাঙ্ক। তাতে ১২৫ বছর পূর্তির বিশেষ লোগো। সাইড প্যানেলে থাকছে আলাদা ব্যাজিং। হাতে আঁকা পিনস্ট্রাইপ। সব মিলিয়ে, রাস্তা দিয়ে গেলে চারটে লোক তাকিয়ে দেখবে, এমনই এর ডিজাইন।
ইঞ্জিনে কি কোনও বদল হয়েছে?
না। Classic 650 Hypershift-এর ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি। সাধারণ ভার্সানের মতোই রয়েছে। অর্থাৎ, বাড়তি দাম মূলত বিশেষ রং, লোগো এবং সাজসজ্জার জন্য।
সাধারণ Classic 650-এর Vallam Red এডিশনের এক্স-শোরুম দাম ৩.৬৮ লক্ষ টাকা। Black Chrome ভার্সানের দাম ৩.৮২ লক্ষ টাকা। সেই তুলনায় Hypershift-এর দাম যথাক্রমে ৫৮ হাজার এবং ৪৩,৫০০ টাকা বেশি। তাই যাঁরা একেবারে আলাদা লুকের Classic 650 চান, তাঁদের কাছে এই লিমিটেড এডিশন ভাল অপশন। দাম বেশি। তবে কথায় বলে, শখের দাম লাখ টাকা। সবার থেকে ইউনিক লুকের কিছু চাইলে এটি নিতেই পারেন।