সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমরিটায়ারমেন্টের পর প্রবীণ নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা তাড়া করে বেড়ায়। অনেকেই কোথায় বিনিয়োগ করলে নিরাপদ আয় হতে পারে, সেই চিন্তাতেই থাকেন। আর সেক্ষেত্রে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) দারুণ একটি বিকল্প হতে পারে। সরকারি এই সঞ্চয় প্রকল্পে যেমন নিরাপত্তা রয়েছে, তেমনই মিলছে আকর্ষণীয় সুদের হার। বর্তমানে এই স্কিমে বছরে ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে, যার ফলে বছরে ২.৪৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। এই প্রকল্পে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি মিলবে মোটা সুদ এবং কর ছাড়ের সুবিধাও। বিশেষ করে অবসরপ্রাপ্ত প্রবীণদের জন্য এই স্কিম অত্যন্ত জনপ্রিয়।
কেন্দ্র সরকার প্রতি ত্রৈমাসিকে ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে। ২০২৬ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য মার্চ মাসে হওয়া বৈঠকে সরকার SCSS-সহ কোনও ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হারে পরিবর্তন আনেনি। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
কতদিনের মেয়াদ
এই স্কিমের মেয়াদ ৫ বছর। চাইলে আরও ৩ বছরের জন্য তা বাড়ানো যায়। SCSS-এ সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। কেউ যদি সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা জমা করেন, তাহলে তিনি প্রতি ত্রৈমাসিকে প্রায় ৬১,৫০০ টাকা সুদ পাবেন।
সুদের পরিমাণ জানুন
যেহেতু SCSS-এ প্রতি তিন মাস অন্তর সুদ দেওয়া হয়, তাই বছরে চারবার এই অর্থ অ্যাকাউন্টে জমা পড়বে। অর্থাৎ বছরে মোট সুদের পরিমাণ দাঁড়াবে প্রায় ২,৪৬,০০০ টাকা। অ্যাকাউন্টের মেয়াদ ৫ বছর হওয়ায়, মেয়াদ না বাড়ালেও টানা পাঁচ বছর এই আয়ের সুবিধা মিলবে।
কত টাকা জমা করা যায়?
এই প্রকল্পে নিন্যতম ১০০০ টাকা জমা রাখা যায়। একজন ব্যক্তির সব SCSS অ্যাকাউন্ট মিলিয়ে সর্বাধিক জমার সীমা ৩০ লক্ষ টাকা। স্বামী-স্ত্রী আলাদা অ্যাকাউন্ট খুলতে পারেন, পাশাপাশি যৌথ অ্যাকাউন্টও খোলা যায়। প্রতিটি অ্যাকাউন্টেই সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত জমা করা সম্ভব। বে নির্ধারিত সীমার বেশি টাকা জমা পড়লে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়। সেই অতিরিক্ত টাকার উপর পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হার অনুযায়ী সুদ গণনা করা হয়, জমার তারিখ থেকে ফেরতের দিন পর্যন্ত।