মাসে মাসে এমন রিটার্ন দেবে কোন স্কিম? কিছু না করেই নিয়মিত আয়। অনেকেরই স্বপ্ন। আবার যাঁরা রিটায়ার্ড, তাঁদের সারা জীবনের সঞ্চয়ই সম্বল। মূল্যবৃদ্ধির বাজারে হাতে কিছু বাড়তি টাকা এলে মন্দ কী! সংসার চালাতে সুবিধাই হবে। কিন্তু মাসে মাসে এমন রিটার্ন দেবে কোন স্কিম? পোস্ট অফিসের দু'টি সরকারি সেভিংস স্কিমে বিনিয়োগ করতে পারেন। Senior Citizens Savings Scheme (SCSS) এবং Monthly Income Scheme (MIS)। এই দুই প্রকল্পে পরিকল্পনা করে বিনিয়োগ করলে মাসে ২৬ হাজার টাকারও বেশি সুদ পেতে পারেন। আবার অবসরপ্রাপ্ত দম্পতি হলে ও মূলধন পর্যাপ্ত থাকলে এর থেকেই বছরে প্রায় ৬.২৫ লক্ষ টাকা সুদ পেতে পারেন। অর্থাৎ মাসিক গড় হিসাবে আয় হতে পারে ৫২,১০০ টাকা।
পোস্ট অফিসের কোন দু'টি প্রকল্পে বিনিয়োগ করবেন?
প্রথম স্কিমটি হল Senior Citizens Savings Scheme বা SCSS। মূলত ৬০ বছর বা তার বেশি বয়সিরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। নির্দিষ্ট শর্তে ৫৫ থেকে ৫৯ বছর বয়সি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং ৫০ থেকে ৫৯ বছর বয়সি প্রতিরক্ষা কর্মীরাও সুযোগ পান। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক সুদের হার ৮.২ শতাংশ। বিনিয়োগের মেয়াদ পাঁচ বছর। সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা জমা রাখা যায়। সুদ পাওয়া যায় প্রতি তিন মাস অন্তর।
দ্বিতীয় প্রকল্পটি হল Post Office Monthly Income Scheme বা MIS। এখানে প্রাপ্তবয়স্ক ভারতীয় বাসিন্দারা বিনিয়োগ করতে পারেন। একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ এবং যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা রাখা যায়। মেয়াদ পাঁচ বছর। বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ। এই প্রকল্পে প্রতি মাসে সুদের টাকা পাওয়া যায়।
মাসে ২৬,০৫০ টাকা কীভাবে পাবেন?
ধরা যাক, কোনও প্রবীণ নাগরিকের হাতে ৩৯ লক্ষ টাকা রয়েছে। টাকার অঙ্কটা বড় মনে হতে পারে। কিন্তু রিটায়ার্ড পার্সন বা যাঁরা পৈত্রিক বা অন্য সূত্রে বড় অঙ্কের সম্পত্তি পেয়েছেন, তাঁদের কাছে এমন টাকা থাকেই। সেই টাকা শুধু শুধু সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন। তা না করে যদি কেউ SCSS-তে ৩০ লক্ষ এবং MIS-এ ৯ লক্ষ টাকা রাখেন, তাহলেই মোটা টাকা সুদ পাবেন। SCSS থেকে বছরে ২ লক্ষ ৪৬ হাজার টাকা সুদ পাবেন। MIS থেকে পাবেন ৬৬,৬০০ টাকা। অর্থাৎ বছরে মোট সুদ ৩ লক্ষ ১২ হাজার ৬০০ টাকা। মাসিক গড় হিসাবে যা ২৬,০৫০ টাকা।
দু'জনে করলে ৫২,১০০ টাকা!
এবার ধরা যাক, স্বামী-স্ত্রী দু'জনের হাতে মোট ৮০ লক্ষ টাকা রয়েছে। দু'জনে আলাদা SCSS অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা করে এবং আলাদা MIS অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা করে রাখলেন। মোট বিনিয়োগ হবে ৭৮ লক্ষ টাকা।
এই বিনিয়োগ থেকে SCSS-এ বছরে ৪ লক্ষ ৯২ হাজার এবং MIS-এ ১ লক্ষ ৩৩ হাজার ২০০ টাকা সুদ পাবেন। সব মিলিয়ে বার্ষিক সুদ ৬ লক্ষ ২৫ হাজার ২০০ টাকা। মাসিক গড় আয় দাঁড়াবে ৫২,১০০ টাকা।
তবে মনে রাখতে হবে, SCSS-এ প্রতি মাসে নয়, তিন মাস অন্তর সুদ পাওয়া যায়। অন্য দিকে MIS-এ মাসিক সুদ মেলে। তাই ৫২,১০০ টাকা প্রতি মাসে হাতে আসবে, এমন নয়। এটি বার্ষিক সুদের মাসিক গড় হিসাব। তবে সেই মতো তুলে তুলে খরচ করলেই হল।
মনে রাখবেন, বিনিয়োগের আগে করের নিয়ম, আগাম টাকা তোলার শর্ত এবং প্রকল্পের সর্বশেষ সুদের হার যাচাই করে নেওয়াটা গুরুত্বপূর্ণ।
দ্রষ্টব্য: বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদন বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি সম্পাদকীয় সুপারিশ নয়।