উজ্জ্বলা গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা।LPG New Rules 2026: এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন? বিশেষ করে যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) র বেনেফিশিয়ারি হন, তা হলে অগাস্ট মাসে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। না হলে কম দামে গ্যাস সিলিন্ডার পাওয়ার সুবিধা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। তেল বিপণন সংস্থাগুলির তরফে ইতিমধ্যেই বহু গ্রাহকের মোবাইলে সতর্কবার্তা পাঠানো শুরু হয়েছে। আগামী ১৬ অগাস্ট ২০২৬ এর মধ্যে আধার-ভিত্তিক e-KYC সম্পূর্ণ না করলে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা ভর্তুকিযুক্ত বা গৃহস্থালির নির্ধারিত দামে LPG সিলিন্ডার পাবেন না। e-KYC সম্পূর্ণ হওয়ার পরেই আবার সেই সুবিধা চালু হবে।
e-KYC কেন এত গুরুত্বপূর্ণ?
সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছে দিতে এবং ভুয়ো সংযোগ রুখতেই e-KYC বাধ্যতামূলক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এই নিয়ম আরও কঠোর করা হয়েছে। ফলে যাঁরা এখনও e-KYC করেননি, তাঁদের দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
তেল সংস্থাগুলির পাঠানো বার্তায় স্পষ্ট জানানো হয়েছে, একাধিকবার স্মরণ করানো হলেও অনেক গ্রাহক এখনও e-KYC করেননি। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই কাজ শেষ করতে হবে।
e-KYC কীভাবে করবেন?
উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা খুব সহজেই e-KYC সম্পূর্ণ করতে পারবেন। এর জন্য তিনটি উপায় রাখা হয়েছ।IndianOil One সহ সংশ্লিষ্ট তেল সংস্থার মোবাইল অ্যাপ ব্যবহার করে।
নিজের LPG ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে।
গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে আসা ডেলিভারি কর্মীর সাহায্যে।
এই তিনটি মাধ্যমের যেকোনও একটি ব্যবহার করে আধারের মাধ্যমে পরিচয় যাচাই করলেই e-KYC সম্পূর্ণ হবে।
ভর্তুকির নিয়মেও পরিবর্তন
বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বছরে চারটি LPG রিফিলে ভর্তুকি দেওয়া হচ্ছে। আগে এই সংখ্যা ছিল আরও বেশি। নির্ধারিত চারটি ভর্তুকিযুক্ত সিলিন্ডার নেওয়ার পর বাকি সিলিন্ডার বাজারদরেই কিনতে হয়।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কম আয়ের পরিবারের হাতে সাশ্রয়ী মূল্যে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া। তাই e-KYC না করলে সেই সুবিধা ব্যাহত হতে পারে।
বুকিং ও ডেলিভারির নিয়ম একই থাকছে
LPG বুকিংয়ের নিয়মে আপাতত কোনও পরিবর্তন হয়নি। গ্রাহকদের অনলাইন মাধ্যমেই বুকিং করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ডেলিভারির সময় গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি Delivery Authentication Code (DAC) বা OTP পাঠানো হবে। সেই OTP ডেলিভারি কর্মীকে জানালেই সিলিন্ডার হস্তান্তর করা হবে। OTP দিতে না পারলে ডেলিভারি সম্পূর্ণ হবে না এবং সিলিন্ডার ফেরত নিয়ে যাওয়া হতে পারে।
এ ছাড়া আগের মতোই শহরাঞ্চলে রিফিল বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের এবং গ্রামীণ এলাকায় ৪৫ দিনের লক-ইন সময়সীমা কার্যকর থাকবে।
এখন কী করবেন?
যাঁরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নিচ্ছেন, তাঁদের জন্য সবচেয়ে জরুরি হল ১৬ অগাস্টের আগেই আধার-ভিত্তিক e-KYC সম্পূর্ণ করা। সময়সীমা পেরিয়ে গেলে ভর্তুকিযুক্ত দামে গ্যাস সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব e KYC সম্পূর্ণ করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।