রান্নার গ্যাসের ই-কেওয়াইসিতে সমস্যা১৬ অগাস্টের মধ্যে সেরে ফেলতে হবে রান্নার এলপিজি গ্যাসের ই-কেওয়াইসি। নইলে বিপদে পড়তে হবে। গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এমনকী বেশি দামে কিনতে হতে পারে গ্যাস। তাই যত দ্রুত সম্ভব ই-কেওয়াইসি করে ফেলতে হবে। আর এই বিষয়টা জানার পর থেকেই গ্যাসের ই-কেওয়াইসি করার হিড়িক পড়ে গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বাড়ি বসেই করা যাচ্ছে ই-কেওয়াইসি। যদিও একটি বিশেষ সংস্থার ক্ষেত্রে অনলাইনে ই-কেওয়াইসি করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে খবর মিলছে। যার ফলে বাড়ছে গ্রাহক ভোগান্তি।
কোন সংস্থায় সমস্যা?
সরকারি নির্দেশ সামনে আসার পর অনেকেই গ্যাসের ই-কেওয়াসি করছেন। আর একটা বড় অংশের মানুষই অনলাইনে করছেন এই কাজ। তবে সব সংস্থার গ্যাসের ই-কেওয়াইসি মোটের উপর ঠিক ঠাক হলেও একটি সংস্থা নিয়ে সমস্যা বাড়ছে। আর সেই সংস্থার নাম হল ভারত গ্যাস। অভিযোগ, এই গ্যাসের গ্রাহকেরা মোবাইলে ফেস স্ক্যান করে ই-কেওয়াইসি করতে গিয়ে বড় বিপদে পড়ছেন। তাদের অনেক ক্ষেত্রেই হচ্ছে না ই-কেওয়াইসি।
ভারত গ্যাসের গ্রাহকদের ঠিক কী সমস্যা হচ্ছে?
যতদূর জানা যাচ্ছে, হ্যালো বিপিসিএল অ্যাপ নামিয়ে ই-কেওয়াইসি করার সময়ই বেশ সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে এই অপশনটা খুলছে না। আবার কিছু ক্ষেত্রে লগ ইন করার সময় ওটিপি আসছে না। কয়েকটি ক্ষেত্রে আবার অ্যাপই খুলছে না বলে অভিযোগ উঠছে। এছাড়া একদল গ্রাহক অভিযোগ করছেন, তাঁদের হোমস্ক্রিনে একটা বড় পোস্টার চলে আসছে। সেখান থেকে আর ই-কেওয়াইসি অপশনে যাওয়া যাচ্ছে না। যার ফলে ভোগান্তি বাড়ছে গ্রাহকদের।
তাহলে সমাধান কীভাবে?
এমন সমস্যা হলে অ্যাপটিকে প্রথমে আনইনস্টল করুন। তারপর আবার ইনস্টল করে চেষ্টা করুন ই-কেওয়াইসি করার। অধিকাংশ ক্ষেত্রে তাতেই কাজ হওয়ার কথা। কিন্তু সেটাও যদি না হয়, তাহলে একটাই বিকল্প থাকছে। সেক্ষেত্রে গ্যাসের অফিসে গিয়েই করে ফেলুন ই-কেওয়াইসি। তাহলেই কাজ হবে। সমস্যা হবে না।
আর শুধু এইচপি নয়, যে কোনও সংস্থার গ্যাসে ই-কেওয়াইসি করতে সমস্যা হলে, এই পদ্ধতিই অনুসরণ করুন। তাহলেই সমস্যা মিটবে।
ই-কেওয়াইসি করতে কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবেন?
আপনার হাতের কাছে রাখতে হবে এই সব ডকুমেন্ট-
১. আধার কার্ড
২. গ্যাস বুক
৩. গ্যাসের কনজিউমার নম্বর
এই কয়েকটি জিনিস হাতের কাছে রাখলেই অনায়াসে হয়ে যাবে ই-কেওয়াইসি।