সরকারি বাসে মোবাইলে আধার দেখালে ফ্রি? পশ্চিমবঙ্গে পালাবদলের পর মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু করেছে বর্তমান বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী যে কোনও মহিলা সরকারি বাসে ফ্রিতে যেতে পারছেন। সেক্ষেত্রে আধার কার্ড বা ভোটার কার্ড দেখাতে হচ্ছে। তাহলেই ফ্রিতে যাতায়াত করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, সরকারি বাসে ফ্রিতে চাপতে গেলে কি আধার বা ভোটার কার্ডের হার্ড কপি রাখা বাধ্যতামূলক? নাকি মোবাইলে সফট কপি দেখালেও চলবে? আর পিঙ্ক কার্ড চালু হওয়ার আগে এই বিষয়টা নিয়েই তুঙ্গে আলোচনা।
আসলে বর্তমানে সরকারি বাসে যাতায়াতকারী অনেক মহিলাই দাবি করছেন যে তাঁদের আধার ও ভোটার কার্ডের হার্ড কপি দেখাতে বাধ্য করা হচ্ছে। মোবাইলে আইডি দেখালে ভাড়া লাগবে বলে দাবি করছে কন্ডাক্টররা। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। বাসে হার্ড কপি দেখাতে হবে না সফট কপি, এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
হার্ড কপি না সফট কপি দেখালেই মহিলাদের বাসে ফ্রি?
অর্জুন জানিয়েছেন, পিঙ্ক কার্ড চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেটা হতে আরও কিছুটা সময় লাগবে। তার আগে এতদিন যেভাবে মহিলারা বাসে ফ্রিতে যাতায়াত করেছেন, সেভাবেই করতে পারবেন। নতুন করে কোনও নিয়ম করা হয়নি।
তিনি স্পষ্ট জানিয়েছেন, আধার বা ভোটার কার্ডের হার্ড কপি সঙ্গে রাখার প্রয়োজন নেই। অর্জুন বলেন, 'আধার কার্ডের হার্ড কপি সঙ্গে রাখতে হবে না। কন্ডাক্টর আধার কার্ডের আইডি দেখতে চাইলে মোবাইলে থাকা সফট কপি দেখালেই কাজ হবে। এর মাধ্যমেই রাজ্যের মহিলারা ফ্রিতে বাসে যাতায়াত করতে পারবেন।'
কন্ডাক্টরদের উপর ব্যবস্থা
মন্ত্রী জানিয়ে দেন, বাসের কন্ডাক্টর কোনওভাবে হার্ড কপি চাইতে পারেন না। তেমন অভিযোগ পেলে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, 'বাসের কন্ডাক্টর যদি আধার কার্ড দেখানোর জন্য চাপ দেন, এমন অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।' সেই মতো সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়ে দেন পরিবহণ মন্ত্রী।
কী কী ডকুমেন্ট দেখাতে পারেন?
মন্ত্রী জানিয়েছেন, আধার কার্ডের সফট কপি মোবাইলে দেখালেই কাজ হবে। হার্ড কপি লাগবে না।
এছাড়া কেউ চাইলে ভোটার কার্ডও দেখাতে পারেন। এটাও ভ্যালিড আইডি প্রুফ।
কবে চালু হবে পিঙ্ক কার্ড?
এই বিষয়টা নিয়ে নিদিষ্ট করে কিছু বললেননি মন্ত্রী অর্জুন সিং। তবে সূত্রের পরই পিঙ্ক কার্ডের কাজ শুরু হবে। এরপর বাসে এই কার্ড দেখিয়েই উঠতে হবে।