ভারতীয় রেলের নতুন নিয়মভারতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে ট্রেনের কোনও বিকল্প নেই। একে এর ভাড়া কম। সেই সঙ্গে নিরাপদে কম সময়ে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। তাই দেশের একটা বড় অংশের মানুষ ট্রেনে ভ্রমণ করেন। কিন্তু বর্তমানে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হয়েছে। কিছু মানুষ অন্য যাত্রীদের সমস্যা করেই মোবাইলে রিল, সিনেমা দেখেন। কেউ কেউ আবার লাউড স্পিকারে ফোনে কথা বলেন। এতে অন্য যাত্রীদের সমস্যায় পড়তে হয়। যদিও এবার এই সমস্যা সমাধানেই উদ্যোগী হল ভারতীয় রেল। তাদের পক্ষ থেকে ট্রেনের মধ্যে বা স্টেশন চত্ত্বরে মোবাইলে জোরে অডিও বাজানো বা জোরে কথা বলার জন্য ফাইনের ঘোষণা করা হয়েছে।
কত টাকা ফাইন?
রেল জানিয়েছে, ট্রেনের ভিতরে বা স্টেশন চত্ত্বরে জোরে মোবাইলে অডিও বাজানো যাবে না। এমনকী অন্য যাত্রীদের বিরক্ত করে রিলস, ভিডিও, মিউজিক, সিনেমা দেখা যাবে না। সেই সঙ্গে জোরে ফোনে কথা বলা যাবে না। এই সব করার জন্য যদি অন্য যাত্রীরা বিরক্ত হন, তাহলে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। সেই সঙ্গে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।
ইতিমধ্যেই সার্দান রেল বিভিন্ন ডিভিশনকে এই নির্দেশ দিয়েছে। সেই মতো স্টেশনে বিজ্ঞপ্তি ও ঘোষণা করে যাত্রী সচেতনতা বাড়নোর কথা বলা হয়েছে।
কে ফাইন করবেন?
ট্রেনে জোরে মোবাইল বাজানোর জন্য ফাইন নেবেন টিকিট পরীক্ষকরাই। রেল জানিয়েছে, অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনা করবেন টিকিট পরীক্ষক। তারপর এক হাজার টাকা ফাইন করতে পারেন। সেই সঙ্গে ট্রেন থেকে নামিয়ে দিতেও পারেন।
যদি এমনটা কেউ করতেই থাকে, তাহলে ৫ হাজার টাকার জরিমানা ও সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে।
কেন এই নয়া নিয়ম?
ইতিমধ্যেই এই নয়া নিয়ম নিয়ে মুখ খুলেছে ভারতীর রেল। তারা জানিয়েছে, একাংশের যাত্রী মোবাইলে খুব জোরে অডিও চালিয়ে রেখে দেন। তারা রিলস দেখেন। ভিডিও চালান। গান শোনেন লাউড স্পিকারে। কোনও রকম হেড ফোন ব্যবহার করেন না। এমনকী অনেকে গভীর রাতেও ফোনে চিৎকার করে কথা বলেন বলে অভিযোগ। আর তাতে সমস্যায় পড়েন অন্য যাত্রীরা। বিশ্রাম বা ঘুমে সমস্যা হয়।
তাই এই সমস্যা সমাধানে এবার উদ্যোগী হল ভারতীয় রেল। এবার ফোনে লাউড স্পিকারে রিলস, ভিডিও দেখলেই বিপদ। জরিমানার সঙ্গে কারাবাসও হতে পারে। তাই এবার থেকে সতর্ক হয়ে ট্রেনে মোবাইল ব্যবহার করুন।