LPG নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের অনেকেই এখনও রান্নার গ্যাসের e-KYC প্রক্রিয়া করেননি। অধিকাংশেরই অভিযোগ, সার্ভর ডাউন, ডিস্ট্রিবিউটরের অফিসে দীর্ঘক্ষণ লাইনের জেরে তারা জেরবার হয়েছেন। তবে কোনও অজুহাতই আর গ্রাহকদের থেকে শুনতে রাজি নয় পেট্রোলিয়াম মন্ত্রক। দেশের তেল সংস্থাগুলিকে কড়া চিঠি পাঠানো হয়েছে। যত দিন না কোনও গ্রাহকের বায়োমেট্রিক আধার অথেনটিকেশন হচ্ছে, তাঁদের গ্যাস সিলিন্ডারের বুকিং অ্যাকাউন্ট ব্লক থাকবে। অর্থাৎ e-KYC না করলে বন্ধ হয়ে যাবে গ্যাসের রিফিল বুকিং। ফলে পুজোর আগে বিপাকে পড়ার সম্ভাবনা প্রবল।
ব্লক হয়ে যাওয়ার পর গ্রাহক আধার অথেনটিকেশন করিয়ে নিলে ব্লক তুল নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তেল সংস্থাগুলিকে। তারপর ফের বর্তমান বাজারদর অর্থাৎ ৯৬৮ টাকায় মিলবে রান্নার গ্যাস। রিফিল বুকিং এবং অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢোকাও ফের নিয়মমাফিক চলবে।
পেট্রোলিয়াম মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি মোহিত কুমার আগরওয়াল তেল সংস্থাগুলিকে পাঠানো চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, রিফিল বুকিং করার প্ল্যাটফর্মে রাখতে হবে একটি অপশন। অনলাইন পোর্টাল, মোবাইল অ্যাপে ওই অপশনে ক্লিক করে যাঁরা এখনও e-KYC করাননি বা করাতে ইচ্ছুক নন, তাঁদের জানিয়ে দেওয়া হবে তাঁরা ‘রেগুলেটেড রিটেল সেলিং প্রাইস’-এ সিলিন্ডার না নিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ সরকারি ভর্তুকি ছাড়াই বাজারদরে সিলিন্ডার নিতে রাজি।
বর্তমানে দেশে ঘরোয়া ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১৬৯৫ টাকা। ৭২৭ টাকা পরোক্ষ সরকারি ভর্তুকি দেওয়ার পরে সিলিন্ডার মেলে ৯৬৮ টাকায়। ১৯.৫৭ টাকা প্রত্যক্ষ ভর্তুকি হিসেবে অ্যাকাউন্টে ঢোকে। আগামী দিনে e-KYC না করালে ১৬৯৫ টাকাই দিতে হবে।
ফলত পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, দেশজুড়ে প্রায় ৩.১৬ কোটি গ্রাহক e-KYC করাননি। যার বোঝা কেন্দ্র আর বইতে পারবে না। এই চিঠি পাঠানোর ১৫ দিনের মধ্যে সব তেল সংস্থাকে e-KYC চিঠি পাঠিয়ে মন্ত্রককে জানাতে হবে, কেন্দ্রের সাম্প্রতিকতম নির্দেশিকার পরিপ্রেক্ষিতে তাঁরা কী পদক্ষেপ করেছেন। পাশাপাশি পাঠাতে হবে সবিস্তার অ্যাকশন টেকেন রিপোর্টও।
প্রসঙ্গত, কলকাতা এবং দুই ২৪ পরগনা মিলিয়ে প্রায় ৬.৩৭ লক্ষ ইন্ডেন গ্রাহকের e-KYC বাকি। ৪ লক্ষ পহল গ্রাহকের পাশাপাশি সওয়া দু’লক্ষের বেশি এমন গ্রাহক রয়েছেন, যাঁরা নিজে থেকেই এলপিজি সাবসিডি ছেড়ে দিয়েছেন বা বার্ষিক আয় দশ লক্ষ টাকার বেশি হওয়ায় তাঁরা ভর্তুকি পান না। ফলে এত কম সময়ের মধ্যে এত বিপুল পরিমাণ গ্রাহকের e-KYC করা সম্ভব কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।