ভগিনী নিবেদিতা স্কিমে কলেজ ছাত্রীরা পাবেন ৫০ হাজারপুজোর মুখেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ক্যাবিনেটের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বড় সিদ্ধান্তের কথা জানালেন তিনি। সাধারণ পড়ুয়া থেকে শুরু করে কলেজ ছাত্রী, SC, ST পড়ুয়াদের হস্টেলের খাবারের বরাদ্দ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী।
ভগিনী নিবেদিতা স্কিমে ছাত্রীরা পাবেন ৫০ হাজার টাকা
আগামী বছর থেকেই ভগিনী নিবেদিতা স্কিম চালু করতে চলেছে রাজ্য সরকার। আজ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, এই স্কিমের কথা সংকল্পপত্রে আগেই বলা হয়েছিল। আগামী বছরের শুরু থেকেই তা লাগু হচ্ছে। এই স্কিমের আওতায় ৫০ হাজার টাকা পাবেন ছাত্রীরা। নতুন সরকারের পেশ করা বাজেটেও এই স্কিমের উল্লেখ ও বরাদ্দ ছিল।
ভগিনী নিবেদিতা স্কিমের বিষয়ে জানুন
যে অবিবাহিত মেয়েরা উচ্চশিক্ষায় অংশ নেবে, তাঁদের উৎসাহ দিতেই সরকার এই স্কিমের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী এদিন জানান. কলেজে প্রবেশ করলে ছাত্রীরা তাঁদের চার বছরের কলেজ সময়ে মোট তিন বারে এই ৫০ হাজার টাকা পাবেন। প্রথম বর্ষের পর পাওয়া যাবে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বছর পর পাওয়া যাবে ১৭ হাজার টাকা ও তৃতীয় বছরের পর পাওয়া যাবে ১৬ হাজার টাকা। অর্থাৎ মোট ৫০ হাজার টাকা পাবেন ছাত্রীরা। ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই টাকা অ্যাকাউন্টে ঢুকবে বলে জানান তিনি। এবছর যারা কলেজে ভর্তি হয়েছে, তাঁরা আগামী বছর থেকেই এই টাকা পাবেন।
SC, ST পড়ুয়াদের হস্টেলের খাবারের বরাদ্দ বৃদ্ধি
এদিন সাংবাদিক বৈঠক থেকে SC, ST পড়ুয়াদের হস্টেলের খাবারের বরাদ্দ বৃদ্ধি করার বিষয়েও ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "SC ও ST ছাত্র-ছাত্রী, যারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের খাবারের বরাদ্দ ১৮০০ টাকা থেকে বাড়িয়ে করা হল মাসিক ৩৩০০ টাকা।" অর্থাৎ ১৫০০ টাকা মাসে বাড়ল বরাদ্দ। নভেম্বর মাস থেকেই এই বরাদ্দ এফেক্ট থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।
কর্মবন্ধুতে ভাতা বাড়ল
অন্যদিকে, এদিন কর্মবন্ধুদেরও বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত কর্মবন্ধু-তে কর্মরতরা ৫০০০ টাকা মাসিক ভাতা পেতেন। সেই টাকার অঙ্ক বাড়িয়ে ৮০০০ টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।