
বছরের শেষ লগ্ন উপস্থিত। ডিসেম্বর মানেই বর্ষশেষের কাউন্টডাউন। ১ ডিসেম্বর থেকে কিন্তু নানা ক্ষেত্রে বেশ কয়েকটি রুলও বদল হচ্ছে। ছোটো ব্যবসা, ওষুধ, টেলিকম, কর ব্যবস্থা, পরিবহণ, একাধিক ক্ষেত্রেই নানা নিয়মে বদল হতে চলেছে ১ ডিসেম্বর থেকে। দেখে নেওয়া যাক, পয়লা ডিসেম্বর থেকে কী কী রুল বদল হতে চলেছে।
GST: রিভাইসড রিফান্ড প্রক্রিয়া শুরু
১ ডিসেম্বর থেকে GST রিফান্ডের জন্য আবেদন করতে হলে ব্যবসায়িক সংস্থাগুলিকে সংশোধিত Form GST RFD-01 ব্যবহার করতে হবে। এই আবেদনের সঙ্গে নির্দিষ্ট কিছু স্টেটমেন্ট ও ঘোষণা জমা দেওয়া বাধ্যতামূলক। যেখানে প্রযোজ্য, সেখানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দেওয়া সার্টিফিকেটে UDIN থাকাও প্রয়োজন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নয়া রুল
১৫ ডিসেম্বর থেকে ক্ষুদ্র ও ছোট শিল্পোদ্যোগগুলির ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। MSME (Amendment) আইন, ২০২৬-এর ১২ নম্বর ধারায় Micro and Small Enterprises Facilitation Council-এর গঠন কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি কাউন্সিলে তিন থেকে পাঁচ জন সদস্য থাকবেন। তাঁদের মধ্যে একজন চেয়ারম্যান থাকবেন, যাঁর পদমর্যাদা অন্তত জয়েন্ট ডিরেক্টর স্তরের হতে হবে। পাশাপাশি, কাউন্সিলে আইন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ একজন সদস্যও থাকবেন। মূলত যোগ্য ক্ষুদ্র ও ছোট শিল্পোদ্যোগগুলির বকেয়া টাকা আদায় সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করে এই কাউন্সিল। নতুন কাঠামোর মাধ্যমে এই ধরনের অভিযোগের দ্রুত ও দক্ষ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির উপর জোর দেওয়া হয়েছে।
টেলিকম ক্ষেত্র কী বদল আসছে
টেলিকম পরিষেবার গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে TRAI। নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা পরিষেবা প্রদানকারী সংস্থার মোবাইল অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে, আপিল করতে এবং পরিষেবা সংক্রান্ত অনুরোধ জমা দিতে পারবেন। এত দিন সংস্থার অভিযোগ কেন্দ্র এবং ওয়েবসাইটের মাধ্যমে এই সুযোগ ছিল। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ক্ষেত্রে নিয়মের পরিধিতেও পরিবর্তন আনা হয়েছে। যে সংস্থাগুলির গ্রাহক সংখ্যা ১০ হাজার বা তার কম, তারা নির্দিষ্ট শর্তে এই বিধির আওতা থেকে ছাড় পাবে। তবে তাদের প্রাথমিক অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা রাখতে হবে। এই সংশোধনীর সব বিধি একসঙ্গে কার্যকর হচ্ছে না। বাকি কিছু নিয়ম ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কার্যকর হবে।
ব্যাঙ্কিং ক্ষেত্রে কিছু বদল আসছে
KYC প্রক্রিয়া আরও সহজ হচ্ছে ডিসেম্বর থেকে। এর ফলে ব্যাঙ্কের নিষ্ক্রিয় ও দাবিহীন অ্যাকাউন্টের পর্যায়ক্রমিক KYC আপডেট এবং পুনরায় চালু করার প্রক্রিয়া সহজ হবে। রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, KYC আপডেটের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে গ্রাহকদের তিনবার আগাম বিজ্ঞপ্তি পাঠাতে হবে ব্যাঙ্কগুলিকে। গ্রাহকরা ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে KYC সংক্রান্ত তথ্য আপডেট করতে পারবেন। এ ছাড়াও আধার OTP এবং ভিডিও KYC-এর মাধ্যমে পরিচয় যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে। গ্রামীণ এলাকায় নিষ্ক্রিয় অ্যাকাউন্ট পুনরায় চালু করার ক্ষেত্রে ব্যাঙ্কের বিজনেস করেসপন্ডেন্টদের (BC) সাহায্য নেওয়ার ব্যবস্থাও করতে হবে।
ট্র্যাফিক রুলও আরও কড়া হচ্ছে
বারবার ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় আরও কড়া পদক্ষেপের পথে প্রশাসন। একই ধরনের ট্রাফিক অপরাধ বারবার করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড করা হতে পারে। পাশাপাশি, গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (NOC) বা ফিটনেস সার্টিফিকেট দেওয়ার আগে টোলের বকেয়া মেটানো হয়েছে কি না, তা আরও কঠোরভাবে যাচাই করার ব্যবস্থা করা হচ্ছে। তার সঙ্গে দূষণ সার্টিফিকেটের ক্ষেত্রেও নিয়মে একাধিক বদল হচ্ছে। নতুন BS-VI মানের ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে PUCC-এর বৈধতার মেয়াদ বাড়তে পারে। পুরনো গাড়ির ক্ষেত্রে আরও ঘন ঘন দূষণ শংসাপত্র পুনর্নবীকরণ করতে হতে পারে।
এছাড়া ঘরোয়া রান্নার গ্যাস ও বানিজ্যিক গ্যাসের দামেরও হেরফের হতে পারে ডিসেম্বরে। তেল সংস্থাগুলি ডিসেম্বরে এলপিজি সিলিন্ডারের দামের রিভিশন করবে। তার ফলে দাম কমতে পারে কিংবা বাড়তে পারে।