Facebook Down: বিশ্বজুড়ে হঠাৎ অচল ফেসবুক-ইনস্টাগ্রাম! সমস্যায় লক্ষ লক্ষ ব্যবহারকারী

বিশ্বজুড়ে আচমকা সমস্যার মুখে ফেসবুক ও ইনস্টাগ্রাম। পোস্ট করা, মেসেঞ্জার ব্যবহার এবং লগ-ইন করতে পারছেন না বহু ব্যবহারকারী। তবে হোয়াটসঅ্যাপ এখনও ঠিকঠাকই চলছে।

Advertisement
বিশ্বজুড়ে হঠাৎ অচল ফেসবুক-ইনস্টাগ্রাম! সমস্যায় লক্ষ লক্ষ ব্যবহারকারীপোস্ট করা, মেসেঞ্জার ব্যবহার এবং লগ-ইন করতে পারছেন না বহু ব্যবহারকারী।
হাইলাইটস
  • বিশ্বজুড়ে আচমকাই থমকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম।
  • একাধিক দেশে ব্যবহারকারীরা অভিযোগ করতে শুরু করেন।
  •  অনেকের অ্যাকাউন্ট নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে।

Facebook Down: বিশ্বজুড়ে আচমকাই থমকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। শুক্রবার সন্ধ্যার পর থেকে একাধিক দেশে ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েন। ফেসবুকে পোস্ট করা যাচ্ছে না, মেসেঞ্জার কাজ করছে না। অনেকের অ্যাকাউন্ট নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে। ইনস্টাগ্রামেও একই সমস্যা শুরু হয়।

সন্ধ্যা ৭টার কিছু পরে থেকেই সমস্যার সূত্রপাত, দাবি ব্যবহারকারীদের একাংশের। প্রথম দিকে অনেকেই ভেবেছিলেন, হয়তো তাঁদের অ্যাকাউন্টেই কোনও সমস্যা হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, সমস্যাটি শুধু একজন বা দু’জনের নয়, বরং বিশ্বব্যাপী বহু ইউজার একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (টুইটার) একের পর এক পোস্ট করে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন নেটব্যবহারকারীরা। অনেকের অভিযোগ, ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ করেই লগ আউট হয়ে গিয়েছে। আবার কারও ক্ষেত্রে লগ-ইন থাকা সত্ত্বেও নতুন পোস্ট করা যাচ্ছে না। মেসেঞ্জার থেকেও মেসেজ পাঠানো যাচ্ছে না।

একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ইনস্টাগ্রামেও। বহু ব্যবহারকারী জানিয়েছেন, নতুন পোস্ট আপলোড করা যাচ্ছে না। কারও ক্ষেত্রে ডাইরেক্ট মেসেজ (DM) পরিষেবা কাজ করছে না। আবার কিছু ব্যবহারকারীর দাবি, ফিড রিফ্রেশ হলেও অন্যান্য ফিচার ব্যবহার করতে সমস্যা হচ্ছে।

ফেসবুক এবং ইনস্টাগ্রাম বর্তমানে মেটা সংস্থার অধীনস্থ। অতীতে একাধিকবার দেখা গিয়েছে, মেটার সার্ভারে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে একই সঙ্গে দুই প্ল্যাটফর্মেই তার প্রভাব পড়ে। শুক্রবারের ঘটনাতেও তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ।

তবে এই বিভ্রাটের মধ্যেও স্বস্তির খবর, হোয়াটসঅ্যাপ পরিষেবায় এখনও পর্যন্ত কোনও বড় সমস্যা ধরা পড়েনি। মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম স্বাভাবিকভাবেই কাজ করছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনুযায়ী, সমস্যার ধরন সব ক্ষেত্রে এক নয়। আইফোন ব্যবহারকারীদের একাংশ জানিয়েছেন, ইনস্টাগ্রামের ফিড দেখা গেলেও ডিএম পাঠানো যাচ্ছে না। অন্য দিকে ডেস্কটপ এবং ল্যাপটপ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম খুলতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী জানিয়েছেন, তাঁদের মেসেঞ্জার অ্যাপ স্বয়ংক্রিয় ভাবে লগ আউট হয়ে গিয়েছে।

Advertisement

যদিও ফেসবুক বা মেটার তরফে এই বিভ্রাটের কারণ সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে ঠিক কী কারণে পরিষেবা ব্যাহত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

শুধু বিনোদন বা টাইমপাস নয়। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ব্যক্তিগত যোগাযোগ, ব্যবসা, মার্কেটিং এবং পেশা সংক্রান্ত কাজের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামের উপর নির্ভরশীল। ফলে এই পরিষেবা ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় ব্যবহারকারীরা।   

POST A COMMENT
Advertisement