অফিসে ডেস্কটপে WhatsApp Web ব্যবহার করলে যাওয়ার আগে লগ-আউট করুন, সতর্ক করল কেন্দ্র

অফিসের কমপিউটার কিংবা ল্যাপটপে WhatsApp Web ব্যবহার করেন? কাজ শেষে লগ আউট করেন না? আপনি তাহলে মারাত্মক বিপদে পড়তে চলেছেন। এমনটাই সতর্কবাণী কেন্দ্রের। আপনার ব্যক্তিগত WhatsApp অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে সাইবার অপরাধীরা।

Advertisement
অফিসে ডেস্কটপে WhatsApp Web ব্যবহার করলে যাওয়ার আগে লগ-আউট করুন, সতর্ক করল কেন্দ্র
হাইলাইটস
  • অফিসের কমপিউটারে WhatsApp Web ব্যবহার করেন?
  • কাজ শেষে লগ আউট করেন না?
  • আপনি তাহলে মারাত্মক বিপদে পড়তে চলেছেন

অফিসের কমপিউটার কিংবা ল্যাপটপে WhatsApp Web ব্যবহার করেন? কাজ শেষে ব্রাউজারের ট্যাব বা উইন্ডো বন্ধ করেই নিশ্চিন্ত হয়ে যান? তাহলে সাবধান! আপনার এই সামান্য অসতর্কতার সুযোগ নিয়ে ব্যক্তিগত WhatsApp অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে সাইবার অপরাধীরা। এমনকী আপনার পরিচয় ব্যবহার করে পরিচিতদের কাছে প্রতারণামূলক মেসেজ পাঠানো থেকে শুরু করে আর্থিক জালিয়াতিও করতে পারে তারা। এই বিষয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম শাখা।

সম্প্রতি একটি সতর্কবার্তায় ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (I4C)-এর ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট জানিয়েছে, কমপিউটারে WhatsApp Web-এর অ্যাক্টিভ সেশন খোলা থাকলে ব্যক্তিগত মেসেজ, পরিচিতদের নম্বর এবং বিভিন্ন গ্রুপের কথোপকথন আনরেজিস্টার্ড ব্যক্তিদের হাতে চলে যেতে পারে। শুধু তাই নয়, অ্যাকাউন্ট ব্যবহারকারীর পরিচয় দিয়ে অন্যদের মেসেজ পাঠিয়ে প্রতারণা, ফিশিং এবং বিভিন্ন ধরনের সাইবার জালিয়াতি চালাতে পারে অপরাধীরা।

শুধু ব্রাউজার বন্ধ করলেই লগআউট হয় না WhatsApp Web!
I4C-এর সতর্কবার্তায় বিশেষভাবে বলা হয়েছে, WhatsApp Web ব্যবহার করার পর শুধুমাত্র ব্রাউজারের ট্যাব বা উইন্ডো বন্ধ করলেই অ্যাকাউন্ট থেকে লগআউট হয় না। ফলে কমপিউটারে অ্যাক্টিভ সেশন থেকেই যেতে পারে। পরবর্তী সময়ে অন্য কেউ সেই কমপিউটার ব্যবহার করলে আপনার WhatsApp অ্যাকাউন্টে প্রবেশ করার সুযোগ পেতে পারে।

তাই প্রতিবার WhatsApp Web ব্যবহার করার পর নিজে হাতে লগআউট করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। বিশেষ করে অফিসের কমপিউটার, একাধিক ব্যক্তির ব্যবহার করা সিস্টেম, পাবলিক কম্পিউটার কিংবা অন্যের নাগালে থাকতে পারে এমন ডিভাইসে WhatsApp Web ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

WhatsApp Web-এ গোপন তথ্য আদানপ্রদান নয়
কমপিউটারে WhatsApp Web ব্যবহার করে গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য আদানপ্রদান না করার পরামর্শও দিয়েছে I4C। সরকারি, আর্থিক, গোপনীয় কিংবা অন্য কোনও গুরুত্বপূর্ণ তথ্য কমপিউটারে WhatsApp Web সেশনের মাধ্যমে আদানপ্রদান না করাই ভাল বলে জানিয়েছে সংস্থাটি।

Advertisement

সাইবার ক্যাফে, পাবলিক কিয়স্ক, হোটেলের বিজনেস সেন্টার, অন্যের থেকে ধার নেওয়া কমপিউটার কিংবা অবিশ্বস্ত কোনও সিস্টেম থেকে WhatsApp Web-এ লগইন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একান্তই কমপিউটারে WhatsApp Web ব্যবহার করতে হলে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করার কথা বলা হয়েছে।

অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ দেখলেই সতর্ক হন
নিজের WhatsApp অ্যাকাউন্টে কোনও অস্বাভাবিক কার্যকলাপ হচ্ছে কি না, সে দিকেও নজর রাখার পরামর্শ দিয়েছে সাইবার অপরাধ দমন শাখা। যেমন, আপনার অজান্তে অ্যাকাউন্ট থেকে মেসেজ চলে যাওয়া, পরিচিতদের কাছ থেকে অস্বাভাবিক উত্তর পাওয়া কিংবা অন্য কোনও ব্যাখ্যাহীন কার্যকলাপ দেখা গেলে সতর্ক হতে হবে। এগুলি আনরেজিস্টার্ড কারও আপনার WhatsApp-এ ঢুকে পড়ার ইঙ্গিত হতে পারে।

পাশাপাশি কমপিউটার, অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সিকিউরিটি সফটওয়্যার নিয়মিত আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অজানা ফাইল ডাউনলোড, সন্দেহজনক লিঙ্ক বা ফাইল এবং ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

সাইবার প্রতারণা এড়াতে কী করবেন?
I4C-এর পরামর্শ অনুযায়ী, WhatsApp Web ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি—
> প্রতিবার ব্যবহার শেষে WhatsApp Web নিজে হাতে লগআউট করুন।
> সাইবার ক্যাফে বা পাবলিক কমপিউটার থেকে লগইন করা এড়িয়ে চলুন।
> অন্যের বা অবিশ্বস্ত কমপিউটারে WhatsApp Web ব্যবহার করবেন না।
> একান্ত প্রয়োজন হলে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করুন।
> অ্যাকাউন্ট থেকে কোনও অস্বাভাবিক মেসেজ যাচ্ছে কি না, নজর রাখুন।
> কমপিউটার, ব্রাউজার ও সিকিউরিটি সফটওয়্যার আপডেট রাখুন।
> সন্দেহজনক ফাইল ডাউনলোড এবং ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করবেন না।

সাইবার অপরাধ, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানো এবং আর্থিক প্রতারণার ঝুঁকি কমাতে WhatsApp Web ব্যবহারের পর প্রতিবার লগআউট করার উপরেই বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সাইবার অপরাধ দমন শাখা।

 

POST A COMMENT
Advertisement