ট্রাম্প ও ইনফান্তিনো 'শিব ঠাকুর আপন দেশে, আইন কানুন সর্বনেশে!' ট্রাম্পও ঠিক এমন ভাবেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন। FIFA বিশ্বকাপের একটি লাল কার্ডের সিদ্ধান্ত আমেরিকার প্রেসিডেন্টের একটি ফোন কলেই প্রত্যাহার করে নেওয়া হল।
মার্কিন দলের সর্বোচ্চ গোলদাতা ফোলারিন বালোগানকে লাল কার্ড দেখানো হয়েছিল রাউন্ড অফ ৩২-এর ম্যাচে। কড়া ট্যাকেল করে লাল কার্ড খেলেও জাদুমন্ত্রের মতো মকুব হয়ে গেল তাঁর শাস্তি। নেপথ্যে তাঁর দেশের প্রেসিডেন্টের একটি ফোন কল।
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট। আর তারপরই শেষ ষোলোয় বেলজিয়ামের বিরুদ্ধে মঙ্গলবারের মেগা ম্যাচে নামার আগে মার্কিন স্ট্রাইকারের শাস্তি বাতিল করে দেয় বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত ট্রাম্প বিবৃতি দিয়ে ফিফাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, 'সঠিক কাজ করার জন্য এবং এক চরম অবিচারকে ঘুরিয়ে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!'
বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচ জেতে আমেরিকা। সেই খেলায় বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে কড়া ট্যাকল করার অপরাধে VAR পরীক্ষার পর লাল কার্ড দেখানো হয় আমেরিকার প্লেয়ার বালোগানকে।
কিন্তু FIFA-র শৃঙ্খলারক্ষা কমিটি রবিবার এক বিবৃতিতে জানায়, এই শাস্তি এক বছরের 'প্রবেশনারি' বা পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত করা হচ্ছে। FIFA-র ২৭ নম্বর ধারা অনুযায়ী, আগামী ১২ মাসের মধ্যে বালোগান যদি একই ধরনের কোনও অপরাধ করেন, তবেই তাঁর শাস্তি বিনা বাক্যব্যয়ে বহাল হবে।
ইতিমধ্যেই সেই সুখবর এসে পৌঁছেছে মার্কিন স্টার প্লেয়ারের কাথে। বালোগানের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, 'লিট' অর্থাৎ 'অসাধারণ'।
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপ মেটাতে ইনফান্তিনো আগেই ট্রাম্পকে ফিফার উদ্বোধনী 'শান্তি পুরস্কারে’ ভূষিত করেছিলেন। ইউরোপিয়ান ইউনিয়নের এথিকস ওয়াচডগ এবং ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা এহেন সম্মান এবং দু'জনের বোঝাপড়ার প্রতিচ্ছবি বলে উল্লেখ করেছেন। কিন্তু দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়েছেন ট্রাম্প। ইনফান্তিনোকে ফোন করে তিনি রাতারাতি নিজের দেশের খেলোয়াডের শাস্তি মকুব করিয়ে দিলেন। ফোর্বস-এর তরফ থেকে এ বিষয়ে ফিফার কাছে জবাব চাওয়া হলেও, তারা টুঁ শব্দটি করেনি।
এদিকে, FIFA-র এমন নজিরবিহীন সিদ্ধান্তে রীতিমতো হতবাক এবং ক্ষুব্ধ প্রতিপক্ষ বেলজিয়াম। কোচ রুডি গার্সিয়া তীব্র শ্লেষের সুরে বলেন, ‘আমি তো জানতামই না যে ফিফা বিশ্বকাপে ৫ জুলাই তারিখটা এখন ১ এপ্রিল হয়ে গিয়েছে,আর দিনটা এপ্রিল ফুলস ডে!’ রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (RBFA) এক বিবৃতিতে জানিয়েছে, যে তারা এই সিদ্ধান্তে 'হতবাক'। গার্সিয়া আরও বলেন, ‘আমরা শুধু জাতীয় দল বা ফেডারেশনকে রক্ষা করছি না, আমরা ফুটবলের নৈতিকতা এবং অখণ্ডতা রক্ষা করছি!’