অঙ্গকৃষ রঘুবংশীবুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে মারাত্মক চোট পেয়েছিলেন কেকেআর-এর উইকেটকিপার ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী। প্লে অফের আশা টিকিয়ে রাখতে রবিবারের ম্যাচটাও জিততেই হবে কলকাতাকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে কলকাতাকে। ফলে সেই ম্যাচে রঘুবংশীকে পাওয়া না গেলে, চাপ বাড়বে অজিঙ্কা রাহানেদের।
কী হয়েছিল রঘুবংশীর?
রঘুবংশী ক্যাচ ধরতে গিয়ে বরুণ চক্রবর্তীর সঙ্গে সংঘর্ষ হয়। এর ফলে তাঁর ঘাড়ে চোট লাগে। মাথাও ঘুরতে থাকে। সঙ্গে মাথা ব্যথাও শুরু হয় তাঁর। ফলে তিনি আর মাঠে নামতে পারেননি। ম্যাচের পর, সাংবাদিক সম্মেলনে কোচ শ্যেন ওয়াটসন বলেন, 'ক্যাচটা ধরার জন্য আংকৃষ অনেকটা পথ দৌড়েছিল। দুর্ভাগ্যবশত, বরুণ চক্রবর্তীর সঙ্গে সংঘর্ষের ফলে এর কয়েক ওভারের মধ্যেই তার ঘাড়ে ব্যথা, কিছুটা মাথা ঘোরা এবং হালকা মাথাব্যথা শুরু হয়। তাই, সে খেলাটা শেষ করতে পারেনি এবং আমি জানি সে কতটা মরিয়া ছিল। আমার দেখা অন্যতম কঠিন প্রতিযোগী সে। ব্যাটিংয়ের দিক থেকে আমরা অবশ্যই তার অভাব বোধ করেছি।'
কীভাবে প্লে অফে যেতে পারে কলকাতা?
শেষ ম্যাচ জিততেই হবে কলকাতাকে। ঘরের মাঠে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দল তাতে সেই জয়ের ব্যাপারে আশাবাদী হতেই পারেন সমর্থকরা। তবে শুঢু সেই ম্যাচ জিতলেই কি হবে? অঙ্ক কিন্তু তেমন বলছে না। যদি দিল্লির বিরুদ্ধে কেকেআর ব্রিগেড জিততে পারে, তাহলে সর্বাধিক ১৫ পয়েন্টে পৌঁছতে পারবে অজিঙ্কা রাহানের দল। সেক্ষেত্রে, প্লে-অফ নিশ্চিত না হলেও দরজা অন্তত খোলা থাকবে।
সমস্যা হতে পারে রাজস্থান রয়্যালসকে নিয়ে
রাজস্থান রয়্যালসও প্লে অফে যাওয়ার অন্যতম দাবিদার। সেক্ষেত্রে তারা ১৪ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে। যদি মুম্বইকে তারা হারিয়ে দেয়, তাহলে আর অন্য কোনও সমীকরণের দরকার লাগবে না। সরাসরি ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিট তারা কনফার্ম করতে পারবে। তবে যদি রাজস্থান একান্তই হেরে যায়, তখন কলকাতার সামনে একটা দরজা খুলে যাবে। ১৩+২ অর্থাৎ ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে আসতে পারে।
পঞ্জাব কিংসকেও হারতে হবে
পঞ্জাব কিংস, কেকেআর-এর প্লে অফে যাওয়ার ক্ষেত্রে আরও একটা বড় প্রতিপক্ষ। শুরুর দিকে অপ্রতিরোধ্য থাকলেও, পরপ্পর ম্যাচ হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছে তারা। পঞ্জাব এখন ১৩ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। শেষ ম্য়াচটা তারা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে। লখনউয়ের বিরুদ্ধে যদি পঞ্জাব জয়লাভ করে, তাহলে তারাও ১৫ পয়েন্টে গিয়েই দাঁড়াবে। তখন নেট রান রেট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। বর্তমানে কলকাতার নেট রান রেট ০.০১১ এবং পঞ্জাব কিংসের নেট রান রেট ০.২২৭। অর্থাৎ, লিগ পর্বের শেষ ম্য়াচে কলকাতাকে শুধুমাত্র জিতলেই চলবে না, বড় ব্যবধানে জিততে হবে।