ভোজিনহারা কবে আসছেন খেলতে? কেবলমাত্র ভিনিশিয়াস জুনিয়ররাই নয়, ভোজিনহাদের বিরুদ্ধেও খেলবে ভারত। ব্রাজিলের পর এবার কেপ ভার্দের সঙ্গেও একটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হল এ দেশে। সবকিছু ঠিকঠাক থাকলে ৩ অক্টোবর ব্রাজিল ম্যাচের পর আগামী ৬ অক্টোবর কেপ ভার্দের সঙ্গে এউ মেগা ফুটবল ম্যাচটি হতে পারে।
কিন্তু ভিনিশিয়াসদের মতো ভোজিনহারাও কি কলকাতাতেই খেলতে আসবেন? সূত্রের খবর, কলকাতা এবং কোচি, এই দুই শহরকে মাথায় রাখা হচ্ছে। অর্থাৎ হয় সল্টলেক যুবভারতী স্টেডিয়াম নয় জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে ভারত বনাম কাবো ভার্দের ম্যাচ।
ছাব্বিশের বিশ্বকাপে গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীদের চমকে দিয়েছে কেপ ভার্দে টিম। বিশ্বকাপজয়ী স্পেনকেও গোলশূন্য ড্র-তে আটকে রেখেছিলেন ভোজিনহারা। রাউন্ড অফ ১৬-তে আর্জেন্টিনাকেও কড়া টক্কর দিয়েছিল কেপ ভার্দে। এক্স্ট্রা টাইম পর্যন্ত মেসিদের ঠেলে নিয়ে গিয়েছিল আফ্রিকার এই ছোট টিম।
এদিকে ব্রাজিলের প্লেয়াররা ৩ অক্টোবর সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলবেন। আর এই বড় ম্যাচটির কারণে FIFA ASEAN কাপ থেকে ভারতের নামও তুলে নিয়েছে AIFF। যদিও ভারতীয় ফুটবলের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। AIFF-এর এই পদক্ষেপের চূড়ান্ত সমালোচনা করেছেন প্রাক্তন ক্যাপ্টেন ভাইচুং ভুটিয়া। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের জায়গায় একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভাইচুং। এমনকী এই ব্রাজিল ম্যাচ বয়কটেরও ডাক দিয়েছেন প্রাক্তন ক্যাপ্টেন।
AIFF যদিও নিজের সিদ্ধান্ত অনড়। ভারতীয় ফুটবলারদের জন্য ব্রাজিলের বিশ্বকাপ দলের সঙ্গে খেলার সুযোগ ঐতিহাসিক বলেই মনে করছে ভারতের ফুটবল ফেডারেশন।
বৃহস্পতিবারই ৫ জনের ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল কলকাতায় আসে। তারা খতিয়ে দেখেন সল্টলেক স্টেডিয়াম। তাদের পর্যবেক্ষণের পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান বলেন, 'ওরা আমাদের প্রস্তুতি দেখে সন্তুষ্ট। ওদের সঙ্গে বৈঠকও হয়েছে। পরিকাঠামো এবং প্রস্তুতি নিয়ে ওরা পজিটিভ।'
ব্রাজিলের টেকনিক্যাল এই প্রতিনিধি দলে ছিলেন সেলেকাওদের পুরুষ জাতীয় দলের জেনারেল সুরাভাইজার সার্জিও দিমাস দি এলিভিয়েরা। ২ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা ঘুরে দেখেন সল্টলেক স্টেডিয়াম।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে পরপর এই আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচগুলির জন্য প্রশিক্ষণ শুরু করবে ভারত। কলকাতাতেই চলবে ট্রেনিং ক্যাম্প।