Brazil Football Team: কলকাতায় আসছে ব্রাজিলের ফুটবল টিম, যুবভারতীতে খেলবেন ভিনিসিয়াসরা

লিও মেসির পর এবার কলকাতায় আসছেন ভিনিসিয়াস। তবে তিনি একা নন, আসছে গোটা ব্রাজিল ফুটবল টিম। যুবভারতী স্টেডিয়ামে তাঁরা খেলবেন। কবে হবে এই খেলা?

Advertisement
কলকাতায় আসছে ব্রাজিলের ফুটবল টিম, যুবভারতীতে খেলবেন ভিনিসিয়াসরাব্রাজিল ফুটবল টিম
হাইলাইটস
  • কলকাতায় আসছেন ভিনিসিয়াস
  • আসছে গোটা ব্রাজিল ফুটবল টিম
  • যুবভারতী স্টেডিয়ামে তাঁরা খেলবেন

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিও মেসির GOAT ট্যুরকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা, কাছে গিয়েও ফুটবলের ম্যাজিশিয়ানকে দেখতে না পাওয়ার আক্ষেপ রয়ে গিয়েছে শহরের ফুটবলপ্রেমীদের। তবে তার মধ্যেই এবার সুখবর। দীর্ঘদিন পর আবারও ভারতে খেলতে আসতে পারে ব্রাজিলের জাতীয় ফুটবল দল। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবরের FIFA আন্তর্জাতিক উইন্ডোতে কলকাতায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেখা যেতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ESPN Brasil-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) ভারতে একটি তৃতীয় প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে উন্নত পর্যায়ের আলোচনা চালাচ্ছে। এর আগে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। ভারতের ম্যাচটির প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে কলকাতাকেই বেছে নেওয়া হয়েছে। সম্প্রতি আমেরিকায় অনুষ্ঠিত FIFA বিশ্বকাপ চলাকালীন CBF এবং স্থানীয় আয়োজকদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়। চুক্তির শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। সব কিছু ঠিক থাকলে শীঘ্রই চুক্তিতে সই হতে পারে।

বিশ্বকাপ চলাকালীন কলকাতার ফুটবলপ্রেমীদের কাছ থেকে ব্রাজিল যে বিপুল সমর্থন পেয়েছে, বরাবর এ শহর যেভাবে পেলে-রোনাল্ডো-রোনালডিনহোর মতো তারকাদের ভালোবেসে এসেছে, তারই প্রভাব এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বিশ্বকাপের সময় সোশ্যাল মিডিয়ায় কলকাতার হাজার হাজার ব্রাজিল সমর্থকের ছবি ভাইরাল হয়। শহরের বিভিন্ন এলাকায় ব্রাজিলের হলুদ-সবুজ রঙে সেজে ওঠে রাস্তা, পাড়া এবং ক্লাব।

এই প্রীতি ম্যাচটি FIFA-র নতুন আন্তর্জাতিক সূচি বা 'সুপার FIFA উইন্ডো'-র অংশ হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী জাতীয় দলগুলি ১৬ দিনের আন্তর্জাতিক উইন্ডোয় সর্বোচ্চ ৪টি ম্যাচ খেলতে পারবে, যার মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি প্রীতি ম্যাচও থাকবে।

এদিকে, CBF ২০২৭ সালে ব্রাজিলের বিভিন্ন শহরেও আরও বেশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে, যাতে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না পাওয়া শহরগুলিও সুযোগ পায়।

Advertisement

বিশ্বকাপে ব্রাজিলের রঙে রঙিন হয়েছিল কলকাতা
দশকের পর দশক ধরে ভারতীয় ফুটবলের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত কলকাতা। এবারের বিশ্বকাপেও সেই ঐতিহ্যেরই প্রতিফলন দেখা গিয়েছে।

বিশ্বকাপ চলাকালীন শহরের একাধিক এলাকা হলুদ-সবুজ রঙে সেজে ওঠে। উত্তর কলকাতার বিভিন্ন দেওয়ালে আঁকা হয় নেইমার ও ভিনিসিয়াস জুনিয়রের ম্যুরাল। বিভিন্ন পাড়ায় ফুটবল তারকাদের বিশাল কাট-আউট এবং বিশ্বকাপ-থিমের শিল্পকর্ম নজর কাড়ে।

সবচেয়ে বেশি আলোচনায় আসে বেনিয়াটোলার 'FIFA গলি'। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পুরো গলিটি ফুটবল তারকাদের ছবি, বিভিন্ন দেশের পতাকা এবং বিশ্বকাপের শিল্পকর্ম দিয়ে সাজানো হয়। ২০১৪ সালের বিশ্বকাপের সময় সংবাদপত্রের কাটিং দিয়ে শুরু হওয়া এই উদ্যোগ এখন কলকাতার অন্যতম পরিচিত ফুটবল আকর্ষণে পরিণত হয়েছে।

বেনিয়াটোলার বাসিন্দা সৌরভ ঘোষাল বিশ্বকাপ চলাকালীন রয়টার্সকে বলেছিলেন, 'কলকাতাই ফুটবলের মক্কা'।

মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিংয়ের মতো ঐতিহ্যবাহী ক্লাবের হাত ধরে শতাব্দীরও বেশি সময় ধরে কলকাতায় ফুটবল সংস্কৃতি গড়ে উঠেছে। ভারত এখনও বিশ্বকাপের মূলপর্বে খেলতে না পারলেও আন্তর্জাতিক ফুটবলে কলকাতার অসংখ্য সমর্থক বছরের পর বছর ধরে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দলগুলিকে নিজেদের দল হিসেবেই সমর্থন করে আসছেন।

প্রস্তাবিত এই প্রীতি ম্যাচ চূড়ান্ত হলে, বহু বছরের অপেক্ষার পর কলকাতার ফুটবলপ্রেমীরা মাঠে বসে বিশ্বের অন্যতম সফল জাতীয় দল ব্রাজিলকে খেলতে দেখার সুযোগ পাবেন।

 

POST A COMMENT
Advertisement