বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ঘোষণা মিঠুনের (ছবি: পিটিআই ও ফেসবুক@ Mithun Chakraborty)কলকাতায় বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি তৈরির ঘোষণা মিঠুন চক্রবর্তীর। বাংলার ফুটবলের উন্নতির স্বার্থেই এই নয়া অ্যাকাডেমি তৈরি করা হচ্ছে বলে জানালেন এই বর্ষীয়ান অভিনেতা।
আজ সাংবাদিক সম্মেলনে মিঠুন বলেন, 'বাংলার ফুটবলে পুরনো জোশ ফেরানো হবে। ফুটবলের প্রতি ভালোবাসা ফেরাতে হবে।'
তিনি জানান, বাংলার ফুটবলের মান বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে ছোট বয়সেই প্লেয়ারদের স্কাউট করা হবে। তাদের ট্রেনিং দেওয়া হবে। এর মাধ্যমেই ফুটবলারদের মানোন্নয়ন করা হবে।
তৃণমূল আমল নিয়ে ক্ষোভ
এ দিনের সাংবাদিক বৈঠকেই তিনি তৃণমূল সরকারের উপর ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, '১৫ বছর তৃণমূল মাঠ দেয়নি। এবার কলকাতায় বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি তৈরি হবে। প্রতিভা খুঁজতে জেলায় জেলায় যাবে দল।'
এরপরই তিনি জানান, এখন বিজেপি সরকার এসেছে। তাই সহজেই এই কাজটা তিনি করতে পেরেছেন। এছাড়া এদিন নিজের ফুটবলের প্রতি ভালোবাসার কথাও বারবার ব্যক্ত করেন মিঠুন। আর সেই ভালোবাসার কারণেই যে ফুটবল অ্যাকাডেমি তৈরির উদ্যোগ নিয়েছেন, সেটাও বুঝিয়ে দিলেন।
বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে কতজন ফুটবলারকে নেওয়া হবে?
এই বিষয়টাও পরিষ্কার করে দেওয়া হয়েছে সাংবাদিক বৈঠকে। এক্ষেত্রে মোটামুটি ৬০ জন প্লেয়ারকে অ্যাকাডেমিতে ট্রেনিং দেওয়া হবে বলে জানান হয়েছে।
কীভাবে খোঁজা হবে ফুটবলার?
এই সাংবাদিক সম্মেলন থেকে জানান হয়, বাংলার সব জেলায় যাবেন ভারতের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা ফুটবলাররা। তাঁরা প্লেয়ারদের খেলা দেখবেন। প্লেয়ার বাছাইয়ের কাজ করবেন। প্রায় ৬০ ফুটবলারকে অ্যাকাডেমিতে ট্রেনিং দেওয়া হবে। মূলত ১২ থেকে ১৬ বছর বয়সী প্লেয়ারদের আনা হবে এই অ্যাকাডেমিতে।
মাথায় রাখতে হবে, একটা সময় ভারতীয় ফুটবল মানেই ছিল বাঙালি প্লেয়ারদের দাপাদাপি। কিন্তু ধীরে ধীরে বদলে গিয়েছে সেই চেনা ছবি। এখন ভারতীয় দলে বাঙালি প্লেয়ারের সংখ্যা হাতো গোনা। আর সেই দৃশ্য দেখার পর বাংলার ফুটবল নিয়ে আরও কাজ করার পক্ষেই সওয়াল করেছেন ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু এতদিন সেভাবে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। যদিও এবার মিঠুন চক্রবর্তী খাস কলকাতায় বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি তৈরির ঘোষণা করলেন। এখন দেখার এই অ্যাকাডেমি বাংলার ফুটবলকে ঠিক কতটা এগিয়ে নিয়ে যায়। এখান থেকে ট্রেনিং পাওয়া ফুটবলাররা বাংলা তথা ভারতের ফুটবলের নাম উজ্জ্বল করে কি না।