ফিফা বিশ্বকাপ ২০২৬আর কিছু দিন পরেই ফুটবল বিশ্বকাপ। ভারতে কোন চ্যানেলে FIFA World Cup 2026 দেখা যাবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা। ১২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র। ভারতের ফুটবলপ্রেমীরা কি এবারের বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত থাকবেন? এখনও পর্যন্ত খবর, বিশ্বকাপের সম্প্রচার নিয়ে Zee Entertainment Enterprises-এর ইতিবাচক আলোচনা চলছে FIFA-র। সব কিছু ঠিক চললে মোবাইলে FIFA World Cup 2026 লাইভ ও টিভি-তে ম্যাচ সম্প্রচার করতে পারে Zee Entertainment।
ইতিবাচক আলোচনায় উঠে এল Zee-এর নাম
FIFA-র সঙ্গে Reliance-Disney-র মধ্যে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে যে আলোচনা এগোচ্ছিল,তা নিয়ে আপাতত জটিলতা তৈরি হয়ে গিয়েছে। ১১ জুন বিশ্বকাপের উদ্বোধন, এখনও ভারতবাসী জানে না, কোন চ্যানেলে ও মোবাইলে কোন অ্যাপে বিশ্বকাপের ম্যাচগুলি দেখা যাবে। এহেন পরিস্থিতির মধ্যেই ইতিবাচক আলোচনায় উঠে এল Zee-এর নাম।
২০২৬ ও ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে প্রথমে ১০০ মিলিয়ন মার্কিন ডলার চেয়েছিল FIFA। সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত খবর অনুযায়ী, পরে সেই অঙ্ক অনেকটাই কমিয়ে আনা হয়। শেষপর্যন্ত FIFA এই ডিলের জন্য অন্তত ৬০ মিলিয়ন ডলারের কমে রাজি হতে চায়নি। Reliance-Disney স্বত্ত্ব কিনতে ২০ মিলিয়ন ডলারের বিড দেয়, যা ফিফা-র রিভাইজড অঙ্কের চেয়েও কম। জাপানের সনি গ্রুপও ভারতের বিশ্বকাপ সম্প্রচারের নিলামে অংশ নেয়। তবে শেষ পর্যন্ত Sony এই FIFA প্যাকেজের জন্য আনুষ্ঠানিক কোনও বিড বা প্রস্তাব জমা দেয়নি।
FIFA-র সঙ্গে চলা আলোচনার বিষয়টি প্রকাশ্যে
Zee তাদের নতুন স্পোর্টস চ্যানেল পোর্টফোলিও ‘Unite8 Sports’ লঞ্চের সময় FIFA-র সঙ্গে চলা আলোচনার বিষয়টি প্রকাশ্যে আনে। সংস্থার দাবি, এই নতুন স্পোর্টস নেটওয়ার্ক তাদের ক্রীড়া সম্প্রচার ব্যবসাকে আরও শক্তিশালী করবে এবং ভারতীয় দর্শকদের মধ্যে জনপ্রিয়তা আরও বাড়াবে। ভারতের মিডিয়া ও স্ট্রিমিং বাজারে প্রতিযোগিতা ক্রমশ বেড়ে চলায় Zee এখন তাদের স্পোর্টস ব্যবসা সম্প্রসারণে জোর দিচ্ছে। কারণ, বড় ক্রীড়া ইভেন্টগুলির সম্প্রচার স্বত্ব এখনও সাবস্ক্রাইবার বৃদ্ধি এবং বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৮০টি দেশের সঙ্গে ডিল ফাইনাল
FIFA ইতিমধ্যেই জানিয়েছে, ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে ১৮০টি দেশের সঙ্গে ডিল ফাইনাল হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ভারতের সঙ্গে চুক্তি ঝুলে রয়েছে। ২০২২সালে কাতার বিশ্বকাপ কয়েক কোটি ভারতবাসী টিভি ও মোবাইলে দেখেছিলেন। বিশ্বের যত দর্শক দেখেছিলেন, তার মধ্যে ২.৯ শতাংশ ছিল ভারতীয় দর্শক।