কলকাতায় বার্সেলোনা বনাম রিয়েল মাদ্রিদ (ছবি: জেমিনি)আবার ফুটবলের ময়দানে বড় চমক দেখবে কলকাতাবাসী। সব কিছু ঠিক থাকলে এবার এল ক্লাসিকো হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়েল মাদ্রিদ। আর ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ফুটবলপ্রেমীদের মনে। অনেকেরই প্রশ্ন, কবে হবে এই ম্যাচ? কারা খেলবেন? সব তথ্য রইল।
আসলে যাঁরা বিশ্ব ফুটবলের সামান্য খবরও রাখেন, তাঁদের কাছে খুবই পরিচিত একটি দ্বৈরথ হল এল ক্লাসিকো। স্পেনের দুই মহীরুহ ক্লাব বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদের ডার্বি ম্যাচ। এই ম্যাচের দিকে চোখ থাকে প্রায় গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের। আর সেই ম্যাচই এবার কলকাতায় অনুষ্ঠিত হবে বলে খবর মিলছে। তাতে যে তিলোত্তমায় নতুন করে উন্মাদনা তৈরি হবে, সেই কথা যে বলাই বাহুল্য!
কবে ম্যাচ?
বিষয়টা নিয়ে নির্দিষ্ট করে এখনও কিছু ঘোষণা হয়নি। তবে আশা করা হচ্ছে, ২৫ নভেম্বর ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হতে পারে। সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর মিলছে।
মুখ্যমন্ত্রীর দফতর থেকে মিলেছে সবুজ সংকেত
এত বড় হাই ভোল্টেজ একটা ম্যাচ আয়োজিত হবে কলকাতায়। তার আগে নিজেদের প্রস্তুতি শেষ করে ফেলতে চাইছেন উদ্যোক্তারা। সেই মতো একটি অনুমোদন পত্র জমা পড়েছে ক্রীড়া দফতরে। তারপর সেটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরে পাঠানো হয়। আর যতদূর খবর, ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। তারপরই কলকাতায় এল ক্লাসিকো 'কনফার্ম' বলে মনে করছেন অনেকে।
আসলে এল ক্লাসিকোর মতো একটি আন্তর্জাতিক স্তরের ম্যাচ আয়োজন কোনও সহজ বিষয় নয়। তাই ক্রীড়া দফতর নিজে কোনও সিদ্ধান্ত নিতে চায়নি বলেই খবর। তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরের কাছে অনুমোদন চায়। আর সেই অনুমতি এবার মিলেছে বলে জানা যাচ্ছে।
যদিও এখনও সরকারিভাবে ম্যাচটির কথা জানান হয়নি। আশা করা হচ্ছে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ শীঘ্রই সাংবাদিক সম্মেলন করবেন। তারপরই ম্যাচের বিষয়ে সবকিছু জানা যাবে।
কারা খেলবেন?
এই প্রসঙ্গে বলি, বার্সেলোনা বা রিয়েল মাদ্রিদের বর্তমান স্কোয়াড কিন্তু মাঠে নামবে না। বরং এই দুই দলের কিংবদন্তি তারকাদের মাঠে দেখার সুযোগ পাওয়া যাবে। আসতে পারেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুই ফিগো। আর সেটাই অনেকের কাছে স্বপ্নের সমান।
প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতায় খেলে গিয়েছে ব্রাজিল ও উরুগুয়ে। এবার দুই পৃথিবীর দুই সেরা ক্লাবের কিংবদন্তিদের ফুটবল দ্বৈরথ দেখবে তিলোত্তমা।