Virender Sehwag Son: বাপ কা বেটা! সেহবাগের ছেলের বিধ্বংসী ব্যাটিং, তবে বাবার স্টাইলে নয়

পাকিস্তানের কাছে আগের ম্যাচে বড় ব্যবধানে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোই ছিল ভারতের লক্ষ্য। কঠিন উইকেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেন আর্যবীর। পিচে কখনও বল নিচু হয়ে আসছিল, কখনও মিলছিল সুইং, আবার স্পিনাররাও সুবিধা পাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে ইনিংস গড়েন তিনি।

Advertisement
বাপ কা বেটা! সেহবাগের ছেলের বিধ্বংসী ব্যাটিং, তবে বাবার স্টাইলে নয় বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর শেহবাগ
হাইলাইটস
  • আর্যবীরের বিধ্বংসী ব্যাটিং
  • ১৩১ বলে সেঞ্চুরি হাঁকালেন
  • বাবার থেকে আলাদা ব্যাটিং স্টাইল

একেই বলে বাপ কা বেটা! এক সময় বীরেন্দ্র সেহবাগ ছিলেন বিপক্ষের ত্রাস। আচ্ছা আচ্ছা বোলারকে পিটিয়ে ছাতু করতেন। এ বার ছেলের পালা। সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে এশিয়া কাপের U-19 ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকাল। 

বাবা বীরেন্দ্র শেহবাগ ছিলেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। তাঁর ছেলে আর্যবীর সেহবাগও যে ব্যাট হাতে কম যান না, তার প্রমাণ মিলল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। আজ মঙ্গলবার ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেললেন আর্যবীর। ১৫০ রানের গণ্ডি পেরিয়ে তাঁর এই ইনিংসকে ক্রিকেটের ভাষায় বলা হচ্ছে ‘ড্যাডি সেঞ্চুরি’।

আর্যবীরের বিধ্বংসী ব্যাটিং

পাকিস্তানের কাছে আগের ম্যাচে বড় ব্যবধানে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোই ছিল ভারতের লক্ষ্য। কঠিন উইকেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেন আর্যবীর। পিচে কখনও বল নিচু হয়ে আসছিল, কখনও মিলছিল সুইং, আবার স্পিনাররাও সুবিধা পাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে ইনিংস গড়েন তিনি।

৬৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন আর্যবীর। উইকেট কিছুটা ব্যাটিংয়ের উপযোগী হয়ে উঠতেই ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। পেসারদের বিরুদ্ধে ফুলার ডেলিভারিতে শট খেলতে শুরু করেন। স্পিনাররা বোলিংয়ে এলে পায়ের ব্যবহার করে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে কভারের উপর দিয়ে বল সীমানার বাইরে পাঠান। আবার ফুলার বল পেলে লেগ সাইডে স্লগ-সুইপ খেলতেও দেখা যায় তাঁকে।

১৩১ বলে সেঞ্চুরি হাঁকালেন

১৩১ বলে শতরান পূর্ণ করেন আর্যবীর। তিন অঙ্কের ঘরে পৌঁছনোর পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি। বাঁহাতি রিস্ট স্পিনার উদ্দীশ সুরির বিরুদ্ধে ৩৮তম ওভারে স্লগ-সুইপ করে ২১ রান তুলে নেন। তাতে ভারতের রানের গতিও অনেকটাই বেড়ে যায়। অন্য প্রান্তে ভিকে ভিনেথও দায়িত্ব নিয়ে ব্যাট করেন। ৬০ বলে অর্ধশতরান পূর্ণ করে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করান তিনি। এর মধ্যেই ৪২তম ওভারে লং-অনের উপর দিয়ে লফটেড অন-ড্রাইভ মেরে ১৫০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন আর্যবীর।

Advertisement

শেষ পর্যন্ত ৪৫তম ওভারে মিডিয়াম পেসার নাসিম খানের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ১৬০ রানের ইনিংসে ছিল ১৭টি চার ও ৭টি ছক্কা। ভারতের স্কোর তখন ২৫৫ রান। এই ইনিংসের সুবাদে চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও হয়ে উঠেছেন আর্যবীর।

বাবার থেকে আলাদা ব্যাটিং স্টাইল

বীরেন্দ্র সেহবাগের ব্যাটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল সহজাত আক্রমণাত্মক মনোভাব। বলের লাইনে এসে হাত ও চোখের সমন্বয়ে বড় শট খেলতে অভ্যস্ত ছিলেন তিনি। কিন্তু ছেলে আর্যবীরের ব্যাটিংয়ে দেখা যাচ্ছে কিছুটা অন্য রকমের ছাপ। আর্যবীর অনেক বেশি ধ্রুপদী ঘরানার ওপেনার। শুরুতে চাপ সামলে নিয়ে ধীরে ধীরে ইনিংসের গতি বাড়াতে পছন্দ করেন। ব্যাটিংয়ের সময় পায়ের ব্যবহার এবং ক্রিজের গভীরতাকে কাজে লাগান। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তাঁর ব্যাটিং নজর কেড়েছে। বিভিন্ন ধরনের শট খেলে স্পিনারদের লেংথ নষ্ট করতে পারেন তিনি।

বাবার মতোই আক্রমণাত্মক হওয়ার ক্ষমতা যে তাঁর রয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১৬০ রানের ইনিংস খেলে তা বুঝিয়ে দিলেন আর্যবীর। এবার দেখার, এই পারফরম্যান্সের ধারাবাহিকতা তিনি পরের ম্যাচগুলিতেও ধরে রাখতে পারেন কি না।

POST A COMMENT
Advertisement