সচিনের রেকর্ড ভাঙবে কোহলি? (ছবি: এএফপি)বিরাট কোহলি এবং রেকর্ড বরাবরই সমর্থক। আর ভারতীয় দলের রান মেশিন এবার নামবেন মাঠে। তাঁকে শীঘ্রই মাঠে দেখতে পারবেন ফ্যানেরা। ২৭ সেপ্টেম্বর শুরু হতে চলা ভারত ও ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওডিআই সিরিজেই ব্যাট হাতে নামবেন বিরাট। আর এমন পরিস্থিতিতে বিরাটের সামনে রয়েছে নতুন রেকর্ড গড়ার সুযোগ। তিনি ১৫০০০ রানের একবারে সামনে দাঁড়িয়ে রয়েছেন। এমনকী তিনি ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকারের একটি রেকর্ডও।
আসলে টেস্ট ও টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন বিরাট। এখন তিনি শুধু ওডিআই বা একদিনের ক্রিকেটই খেলেন। তাই তাঁকে মাঠে খুব একটা দেখা যায় না। এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের ব্যাট হাতে নামছেন বিরাট। ২০২৭ সালের বিশ্বকাপের আগে তিনি আরও একবার নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেতে চলেছেন।
১৫০০০ রানে কাছাকাছি
কোহলি হলেন রান মেশিন। ইতিমধ্যেই ওডিআই ক্রিকেটে ১৫০০০ রানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন তিনি। ৫৮.৫৯-এর গড়ে মাত্র ৩০১ ইনিংসে তিনি করে ফেলেছেন ১৪,৯৪১ রান। ১৫০০০ রানের থেকে তিনি মাত্র ৫৯ রান দূরে। অনেকেই আশা করছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসেই তিনি এই মাইলফলক ছুঁয়ে ফেলবেন।
আর এই রানে পৌঁছে গেলেই তিনি নয়া নজির তৈরি করবেন। দ্বিতীয় ব্যাটার হিসেবে বিরাট করে ফেলবেন ১৫০০০ রান। একমাত্র মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারেরই এর থেকে বেশি রান রয়েছে। তিনি ওডিআই ক্রিকেটে ১৮,৪২৬ রানের মালিক।
ভাঙতে পারে সচিনের রেকর্ড
বর্তমানে ভারতীয় ব্যাটার হিসেবে দেশের মাটিতে ওডিআই সবথেকে বেশি রান রয়েছে সচিনের। তিনি ৬৯৭৬ রান করেছেন। তবে সেই রেকর্ডটা ভেঙে দিতে পারেন কোহলি। তিনি দেশের মাটিতে ১৩০টা ওডিআই ম্যাচে ৬২.৪২-এর গড়ে ৬৮৬৭ রান করেছন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১১০ রান করলেই তিনি সচিনকেও ছাপিয়ে যাবেন। হয়ে উঠবেন ঘরের মাঠে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান করা ভারতীয় ব্যাটার।
প্রসঙ্গত, বিরাট কোহলিই একমাত্র ব্যাটার, যিনি একটি দলের (শ্রীলঙ্কা) বিরুদ্ধে ১০টি ওডিআই সেঞ্চুরি করেছেন। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তাঁর ৯টি সেঞ্চুরি রয়েছে। আর এই সিরিজে যদি তিনি আর একটি সেঞ্চুরি করে দেন, তাহলে তিনি দুটি দলের বিরুদ্ধে ১০টি করে সেঞ্চুরি মালিক হয়ে যাবেন। আর এটাও অবশ্যই একটা রেকর্ড।