কেন দল থেকে বাদ পড়লেন সিরাজ? (ছবি: পিটিআই)নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই একাধিক চমকে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। ওয়েলিংটনে প্রথম টেস্টের প্লেয়িং ১১ থেকে বাদ মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা। তাঁদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অংশুল কাম্বোজ এবং ওয়াশিংটন সুন্দর। আর ভারতীয় দলের এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে আলোচনা। এমনকী এই সিদ্ধান্তে অবাক কিংবদন্তি সুনীল গাভাস্কারও।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সবুজ পিচ তৈরি করেছিল নিউজিল্যান্ড। এই পিচে স্বভাবতই সাহায্য পাবেন পেসাররা। সেই পরিস্থিতিতে চারজন পেসার নিয়ে মাঠে নামে ভারত। একাদশে ফিরেছেন জসপ্রীত বুমরা। তাঁর সঙ্গে রয়েছেন অংশুল কাম্বোজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আকাশ দীপ। নীতীশ কুমার রেড্ডিকে বাদ দেওয়া হয়েছে। একমাত্র অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে।
সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার। সোনি স্পোর্টসকে তিনি বলেন, 'টেস্ট দলের সঙ্গে সিরাজ শুরুতে যোগ দেয়নি। তাতে কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে শেষ একদিনের ম্যাচে ওকে খেলানোয় ভেবেছিলাম, এই টেস্টে খেলানো হবে। কিন্তু এই সিদ্ধান্ত সত্যিই অবাক করার মতো। আমার মনে হয় না, সিরাজ কখনও ভারতকে নিরাশ করেছে। ও কোনওদিনই ভারতকে হতাশ করেনি।'
প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, সিরাজের পারফরম্যান্সে এমন কোনও অবনতি চোখে পড়েনি। যার জন্য তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দিতে হবে। গত বছর ইংল্যান্ড সফরে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের কথাও মনে করিয়ে দেন গাভাস্কার।
তাঁর কথায়, 'ওর বোলিংয়ে এমন কিছু ঘটেনি যে ওকে বাদ দিতে হবে। ওর ছন্দ ভাল রয়েছে। সম্প্রতি যতটুকু ক্রিকেট খেলেছে, তাতে ওকে ঠিকঠাকই মনে হয়েছে। কেন ওকে বেছে নেওয়া হল না, সেটা আমি জানি না। শুধু আশা করব, ওর পরিবর্তে যাঁদের নেওয়া হয়েছে, তাঁরা নিজেদের প্রমাণ করবেন।'
তবে নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার স্কট স্টাইরিস মনে করেন, পেসারদের জন্য সহায়ক পরিস্থিতিতে অংশুল কাম্বোজ কার্যকরী হয়ে উঠতে পারেন। সম্প্রতি শেষ হওয়া একদিনের সিরিজে অংশুল নিউজিল্যান্ডকে চমকে দিয়েছিলেন বলেও মনে করেন তিনি।
স্টাইরিস বলেন, 'অকল্যান্ডে একদিনের ম্যাচে খেলেছিল অংশুল কাম্বোজ। ও যতটা মনে হয়, তার চেয়ে বেশি গতিতে বল করে। ওর বল স্কিড করে ব্যাটে আসে। লাইন-লেন্থও ভাল বেশ। পাশাপাশি পিচ থেকে সামান্য মুভমেন্টও আদায় করতে পারে। আমার মনে হয়, এই কারণেই সিরাজের পরিবর্তে ওকে নেওয়া হয়েছে। ভারতের হয়ে সিরাজ কী করেছে, তা আমি জানি। ওর হতাশ হওয়াই স্বাভাবিক। তবে এই পিচে বল ভাল মুভ করবে। আমার মনে হয়, এমন উইকেটে অংশুলকে বেছে নেওয়া খুব ভাল সিদ্ধান্ত হতে পারে।'
ঘটনাচক্রে, প্রথম সেশনে ভারতের দল নির্বাচনের সিদ্ধান্ত ঠিক হয়েছে বলেই প্রমাণিত হয়। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। ম্যাচের প্রথম ৩০ মিনিটের মধ্যেই জোড়া ধাক্কা দেয় ভারতীয় বোলিং বিভাগ। জসপ্রীত বুমরা নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামকে ফেরান। অন্যদিকে, অংশুল কাম্বোজের শিকার হন ডেভন কনওয়ে।
বিদেশের মাটিতে সফলতম ভারতীয় বোলারদের একজন সিরাজ
বিদেশের মাটিতে দুর্দান্ত রেকর্ড রয়েছে সিরাজকে। তাই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ভারতের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই পেসার। সিরিজে মোট ২৩টি উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন তিনি। ওভালে শেষ টেস্টে ৯ উইকেট নিয়ে ভারতকে স্মরণীয় জয় এনে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সিরাজ।
পরিসংখ্যান বলছে, অভিষেকের পর থেকে SENA দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) ভারতের দ্বিতীয় সফলতম বোলার সিরাজ। এই চার দেশে ২৩টি টেস্ট খেলে তাঁর সংগ্রহ ৯১টি উইকেট। পাশাপাশি চারটি পাঁচ উইকেট নেওয়ার নজিরও রয়েছে তাঁর।
তবে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা নজরকাড়া নয়। অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দুই টেস্টের সফরে মাত্র চারটি উইকেট পেয়েছিলেন তিনি। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১১৮ রান দিয়ে চার উইকেট নেন। অন্যদিকে, মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ৫০ রান দিয়ে দু'টি উইকেট পেয়েছিলেন।
উল্লেখযোগ্য বিষয় হল, সিরাজকে বাদ দেওয়ার ঠিক একদিন আগেই ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। সিরাজকে বিশ্বমানের পারফর্মার বলে উল্লেখ করে মর্কেল জানিয়েছিলেন, দেশের হয়ে যখনই খেলেছেন, ধারাবাহিকভাবে নিজের সেরাটা দিয়েছেন এই পেসার।