শোয়েব আখতার ক্রিকেটে বল বিকৃতি বা বল ট্যাম্পারিং বিতর্ক নতুন নয়। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল ঘষতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট। সেই ঘটনা ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোড়ন ফেলেছিল। শাস্তির মুখে পড়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ব্যানক্রফট। দীর্ঘ আট বছর পর সেই বিতর্ক ফের নতুন করে আলোচনায়। আর এবার বল বিকৃতি নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের। তাঁর দাবি, পাকিস্তান ক্রিকেটেও তাঁর খেলার সময়ে বল বিকৃতির জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হত। শুধু তাই নয়, ইংল্যান্ডে খেলার সময় স্যান্ডপেপারের বদলে বোতলের ছিপি ব্যবহার করা হত বলেও জানিয়েছেন তিনি।
'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' নামে পরিচিত আখতারের এই মন্তব্য সামনে এসেছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার উসমান খোয়াজার আত্মজীবনী 'সবর' (Sabr) এবং ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মধ্যে। উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে আখতার বলেন, এই বিষয়টিকে আর বেশি বড় করে দেখার প্রয়োজন নেই। তাঁর কথায়, 'বন্ধু, এবার বিষয়টি ছাড়ো। এত বড় ইস্যু তৈরি করার কী আছে? আমি বুঝতে পারছি, এতে ক্রিকেটের ক্ষতি হয়েছে। আমাদের ক্রিকেটেরও ক্ষতি হয়েছিল। ইংল্যান্ডে আমরা স্যান্ডপেপার ব্যবহার করতাম না, বোতলের ছিপি ব্যবহার করতাম। বলও বদল করতাম। আরও নানা ধরনের কাজ করতাম। সত্যিটা সামনে এসে গিয়েছে, এবার বিষয়টি শেষ হওয়া উচিত।'
বল বিকৃতির কথা জানত গোটা দল?
শুধু নিজের অভিজ্ঞতার কথা বলেই থামেননি আখতার। বল বিকৃতির মতো ঘটনা কখনওই দু-একজন ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না বলেও মনে করেন তিনি। এই প্রসঙ্গে উসমান খোয়াজার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার। তাঁর মতে, এ ধরনের কাজের বিষয়ে দলের বাকিদেরও জানা থাকে।
আখতারের কথায়, উসমান যা বলেছেন, তা দলের সিদ্ধান্ত হওয়া উচিত। এটি দু-চারজন ক্রিকেটারের সিদ্ধান্ত হতে পারে না। এমন কথা বলতে তাঁর খারাপ লাগলেও, ক্রিকেটের বল নিয়ে বিভিন্ন ধরনের কাজ তিনি নিজেও করেছেন বলে স্বীকার করেছেন। তাঁর দাবি, গোটা দল বিষয়টি জানত। কারণ বল রিভার্স সুইং করাতে না পারলে ম্যাচ জেতা কঠিন হয়ে পড়ত। তবে এতদিন পর যেভাবে বিষয়টি সামনে আসছে, তাতে ক্রিকেট মহলে অস্থিরতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
কীভাবে শুরু হয়েছিল স্যান্ডপেপার বিতর্ক?
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে টেস্ট ম্যাচ চলাকালীন বলের উপর স্যান্ডপেপার ঘষতে দেখা যায় অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফটকে। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে সেই ঘটনা। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে শাস্তির মুখে পড়েন ব্যানক্রফট, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। এই ঘটনায় স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে ন'মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল।
তবে সেই সময় দলের বাকি সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু সামনে আসেনি। সম্প্রতি নিজের আত্মজীবনী 'সবর'-এ উসমান খোয়াজা দাবি করেছেন, অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে এই ঘটনার কথা আরও অনেকের জানা ছিল। অন্যদিকে, প্রায় চার হাজার শব্দের একটি বিবৃতিতে ব্যানক্রফট দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকা সফরে দলের সদস্যদের পাশাপাশি কোচিং স্টাফেরও স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে ধারণা ছিল।
ব্যানক্রফটের এই বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বর্তমান অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের আগের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ব্যানক্রফটের দাবি, এই ঘটনায় নিজেকে প্রতারিত এবং একা মনে হয়েছিল তাঁর। এতদিন পর নিজের বক্তব্য প্রকাশ করতে পেরে এখন স্বস্তি পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
কী বলছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা?
ব্যানক্রফট ও খোয়াজার বক্তব্যের বিরোধিতা করেছেন প্যাট কামিন্স। খোয়াজার দাবিকে 'বাজে কথা' বলে মন্তব্য করে নিজের আগের অবস্থানেই অনড় রয়েছেন তিনি। অন্যদিকে, ডেভিড ওয়ার্নার সমর্থন জানিয়েছেন ব্যানক্রফট ও খোয়াজাকে। ব্যানক্রফটের বক্তব্যকে সত্যি বলে উল্লেখ করার পাশাপাশি ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ ড্যারেন লেম্যান অবশ্য ব্যানক্রফটের অভিযোগের বিস্তারিত জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন। তাঁর বক্তব্য, লুকনোর মতো কিছু নেই। অন্যদিকে, স্টিভ স্মিথ এখনও পর্যন্ত ব্যানক্রফটের সাম্প্রতিক অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।
নতুন করে তদন্তের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া?
বিতর্কের মধ্যেই ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সঙ্গে যুক্ত সদস্যদের বক্তব্য শোনার জন্য একটি স্বাধীন ফোরাম তৈরির ঘোষণা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের বক্তব্য ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন। যদিও এই উদ্যোগ নিয়েও সংশয় প্রকাশ করেছেন কয়েকজন। তাঁদের মধ্যে রয়েছেন দলের প্রাক্তন দ্বাদশ খেলোয়াড় চ্যাড সায়ার্সও।