ধোনি IPL-কে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। প্রায় দুই দশক চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত থাকার পর এবার ক্রিকেটার হিসেবে আইপিএল কেরিয়ারে ইতি টানলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে CSK-র সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না তাঁর। ২০২৭ সালের মরশুম থেকে দলের মেন্টর হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন তিনি। মাঠে ধোনির সেই পরিচিত হলুদ জার্সি আর দেখা না গেলেও তাঁর অভিজ্ঞতা থাকবে চেন্নাইয়ের ড্রেসিংরুমে। ক্রিকেটের পাশাপাশি বিপুল সম্পত্তি, ব্যবসা, বিনিয়োগ এবং বিজ্ঞাপনের জগৎ থেকেও মোটা অঙ্কের আয় করেন মাহি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হয়। আইপিএল থেকে তাঁর আয়ই ২০০ কোটি টাকার বেশি বলে দাবি করা হয়েছে।
ধোনির আইপিএল কেরিয়ার শুরু ২০০৮ সালে। প্রথম মরশুমেই চেন্নাই তাঁকে ৬.০৩ কোটি টাকায় কিনেছিল। এরপর একাধিকবার তাঁকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। বিভিন্ন মরশুমে তাঁর পারিশ্রমিক বেড়ে ১২ থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছে। ২০২৬ সালের আইপিএলে তাঁকে ৪ কোটি টাকায় রিটেন করেছিল CSK। সব মরশুমের পারিশ্রমিক হিসেব করলে আইপিএল থেকে ধোনির মোট আয় ২০০ কোটি টাকার বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ক্রিকেটের পাশাপাশি বিজ্ঞাপনের জগৎ থেকেও বিপুল অর্থ উপার্জন করেন ধোনি। দেশের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। অটোমোবাইল, ফিনান্স, প্রযুক্তি, কনজিউমার গুডস থেকে শুরু করে একাধিক ক্ষেত্রের নামী সংস্থার বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য ৪ থেকে ৬ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন ধোনি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জিওমার্ট, ফায়ার-বোল্ট, স্বরাজ ট্র্যাক্টরস, গাল্ফ অয়েল, মাস্টারকার্ড, সিপার পাইপস, এশিয়ান ফুটওয়্যার, গো-ড্যাডি, ভারত ম্যাট্রিমনি, ওরিয়েন্ট ইলেকট্রিক এবং প্যানাসনিকের মতো সংস্থার সঙ্গে বিজ্ঞাপনের কাজে যুক্ত থেকেছেন তিনি।
শুধু ক্রিকেট এবং বিজ্ঞাপন নয়, ব্যবসা ও বিনিয়োগ থেকেও আয় করেন মাহি। তাঁর নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে, যার নাম ধোনি এন্টারটেনমেন্ট। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের সংস্থা এবং স্টার্টআপে বিনিয়োগ করেছেন তিনি। সেই তালিকায় রয়েছে ব্লুস্মার্ট, খাতাবুক, কারস২৪, গরুড় অ্যারোস্পেস, কুকু, লাইটফিউরি গেমস এবং সুপারহেলথের মতো সংস্থা। মোবিলিটি, ফিনটেক, ড্রোন প্রযুক্তি এবং বিনোদন-সহ একাধিক ক্ষেত্রে তাঁর বিনিয়োগ রয়েছে।
রাঁচিতে ধোনির নিজস্ব হোটেল মাহি রেসিডেন্সিও রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালে স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড 'সেভেন' শুরু করেছিলেন তিনি। ফলে ক্রিকেটের বাইরেও নিজের ব্যবসায়িক পরিসর তৈরি করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
রাঁচিতে ধোনির বিলাসবহুল ফার্মহাউস কৈলাশপতিও বেশ পরিচিত। কয়েক একর জমির উপর তৈরি এই ফার্মহাউসে রয়েছে সাজানো বাগান, আধুনিক জিম, সুইমিং পুল এবং শরীরচর্চার জন্য বিশেষ জায়গা। রয়েছে বড় কাচের দেওয়াল ঘেরা গ্যারাজও। এছাড়া দেরাদুনেও তাঁর একটি বাড়ি রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গাড়ি এবং বাইকের প্রতিও বিশেষ দুর্বলতা রয়েছে ধোনির। তাঁর গ্যারাজে রয়েছে একাধিক দামি মোটরবাইক, ভিন্টেজ গাড়ি এবং বিলাসবহুল চারচাকা। বিভিন্ন প্রতিবেদনে তাঁর সংগ্রহে ১০০টিরও বেশি মোটরবাইক থাকার কথা বলা হয়েছে। সেই তালিকায় রয়েছে ইয়ামাহা RD 350, ডুকাটি ১০৯৮, কাওয়াসাকি নিনজা H2, হারলে ডেভিডসন ফ্যাট বয়-সহ একাধিক দামি বাইক। চারচাকার সংগ্রহে রয়েছে অডি Q7, ল্যান্ড রোভার, ফেরারি 599 GTO এবং মার্সিডিজ-বেঞ্জ GLE-র মতো গাড়ি।
সব মিলিয়ে ক্রিকেটের মাঠে দীর্ঘদিনের সাফল্যের পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ, বিজ্ঞাপন এবং বিলাসবহুল সম্পত্তি মিলিয়ে নিজের আলাদা সাম্রাজ্য তৈরি করেছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে খেলোয়াড় হিসেবে তাঁর অধ্যায় শেষ হলেও চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।