
IPL-এ গত ২-৩ বছর ধরে ওঠা সবচেয়ে বড় প্রশ্ন হয়তো একটাই। মহেন্দ্র সিং ধোনি কি এই সিজনে খেলবেন? ২০২৩-২৪ সাল থেকেই এই প্রশ্ন প্রতি বছর করে আসছেন থালা ফ্যানেরা। এবারও সেই একই চিত্র। ২০২৭ IPL সিজন শুরুর আগে, ধোনি ফ্যানেদের প্রশ্ন নম্বর 7 এবার খেলছেন তো?
তবে এবার চেন্নাই সুপার কিংসের তারকা এমএস ধোনি সম্ভবত আইপিএলের পরবর্তী মরশুমে তাঁর খেলা নিয়ে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। 'ক্যাপ্টেন কুল' জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন। পায়ের পেশিতে সমস্যার কারণে গত মরশুমে একেবারেই খেলতে পারেননি ধোনি। অন্যদিকে, আইপিএল ২০২৬-এ প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয় চেন্নাই। তারপর থেকেই প্রাক্তন ভারত অধিনায়কের ভবিষ্যৎ এবং তিনি খেলা চালিয়ে যাবেন কি না, তা নিয়ে নানা আলোচনা চলছে।
বেঙ্গালুরুতে একটি হেলথ সার্ভিস সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিয়ে ধোনির ভবিষ্যৎ নিয়ে ফের প্রশ্ন ওঠে। নিজের পরিচিত রসিকতার ভঙ্গিতে ধোনি জানান, সিএসকের জার্সিতে আরও একটি মরশুম খেলতে পারবেন কি না, তা বুঝতে তাঁকে শারীরিক পরীক্ষা করাতে হবে।
ANI-এর রিপোর্টে জানানো হয়েছে, ধোনি বলেন, “ডাক্তারবাবু, আমাকে পরীক্ষা করাতে হবে। আপনাকে রিপোর্ট দিতে হবে। তারপর ডিসেম্বরের আগে আমাকে দেখতে হবে, আমি কতটা শক্তিশালী অবস্থায় রয়েছি, যাতে আরও একটি মরশুম খেলতে পারি।”
অর্থাৎ প্রাক্তন সিএসকে অধিনায়ক এর জন্য চিকিৎসকদের উপরেই সমস্ত দায়িত্ব চাপিয়ে দেন। আরও এক বছর আইপিএলের কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাঁর শরীরকে উপযুক্ত অবস্থায় রাখার দায়িত্ব চিকিৎসকদেরই বলে জানান তিনি। ধোনি আরও বলেন, “আর যদি আমি তা না পারি, তা হলে আপনাদের নিশ্চিত করতে হবে যে আমার সঙ্গে সবকিছু ঠিকঠাক করা হচ্ছে এবং এই পুরনো ভিন্টেজ গাড়িটা যেন রাস্তায় ঠিকঠাক চলতে পারে। তাই সমস্ত চাপ ওঁদের উপরেই।”
ধোনিকে নিয়ে আশাবাদী CSK
আইপিএল ২০২৭-এ ধোনিকে খেলতে দেখার ব্যাপারে আশাবাদী চেন্নাই সুপার কিংস। সিএসকের CEO কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ধোনির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাঁর হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজির হলুদ জার্সিতে তাঁকে আবারও খেলতে দেখা যেতে পারে বলে মনে করছেন তিনি।