ভারত বনাম আফগানিস্তান ম্যাচের আগে বন্দে মাতরম বাজানো হল (ছবি: এএফপি)রবিবার, ১৩ সেপ্টেম্বর নতুন নজির তৈরি হল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ভারত ও আফগানিস্তান টি২০ সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে বাজানো হল ভারতের জাতীয় গান বন্দে মাতরম। তারপর বাজল জাতীয় সঙ্গীত জন গণ মন। আর দেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের কোনও আন্তর্জাতিক ম্যাচে জাতীয় সঙ্গীতের আগে জাতীয় গান বাজানোর ঘটনা এই প্রথম।
টসের পর জাতীয় সঙ্গীতের আগে ‘বন্দে মাতরম’ বাজানো হয়। এই গানের ছয়টি স্তবকই বাজানো হয়। আর এই ঘটনায় বিস্মিত হয়ে যান অনেকে।
প্রসঙ্গত, ম্যাচের আগে বন্দে মাতরম এবং জন গণ মন, দুই গানই বাজানো হয়েছে। এর ফলে অন্যান্য দিনের তুলনায় ম্যাচ শুরুর আগে অনুষ্ঠান কিছুটা বেশি সময় ধরে চলে। তবে চলতি বছরের টি-২০ বিশ্বকাপ বা জুনে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সিরিজেও জাতীয় গান বাজানো হয়নি।
বন্দে মাতরম আগে, জন গণ মন পরে
আসলে চলতি বছরের ২৮ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে। সেখানে নির্দিষ্ট সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ ছয় স্তবক গাওয়া বা বাজানোর কথা বলা হয়। পাশাপাশি বলা হয়, জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত একসঙ্গে যদি পরিবেশিত হয়, তাহলে বন্দে মাতরম আগে আর জন গণ মন পরে বাজাতে হবে।
ফেব্রুয়ারিতে এই নির্দেশ নিয়ে আলোচনা হয়। জুলাইতে জারি করা একটি বার্তায় সরকার এই নিয়ম মেনে চলার বিষয়টি আবারও স্পষ্ট করে।
ওদিকে আবার, লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ২০২৬ সালেই প্রথমবার উদযাপনের অংশ হিসেবে বন্দে মাতরম পরিবেশন করা হয়। আসলে ২০২৫ সালের নভেম্বর মাসে ভারতের জাতীয় গান বন্দে মাতরম-এর ১৫০ বছর পূর্তি হয়। পিআইবি-র তথ্য অনুযায়ী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সাহিত্য পত্রিকা বঙ্গদর্শন-এ প্রথম প্রকাশিত হয় ১৮৭৫ সালের ৭ নভেম্বর।
দিল্লিতে ঐতিহাসিক টি-২০ সিরিজ
রবিবার সন্ধ্যায় অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক ‘ফ্রেন্ডশিপ টি-২০ কাপ’-এর সূচনা হয়। এই ম্যাচে ভারত ৭ উইকেটে হারায় আফগানিস্তানকে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ভারতীয় বোলারদের দাপটে বেশি রান করতে পারেনি আফগানরা। এরপর অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিং শুরু করেন। তাঁর ব্যাটের উপর ভর করে মাত্র ১৩.৪ ওভারেই টার্গেটে পৌঁছে যায় ভারত।
এবার দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচও মঙ্গলবার এবং বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের দিকেও নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।