এশিয়ান গেমসইতিমধ্যেই এশিয়ান গেমসে ক্রিকেটারদের থাকার জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, ক্রিকেটারদের থাকার ঘরগুলি এতটাই ছোট যে দু'জন ক্রিকেটার তাঁদের কিটব্যাগ ও লাগেজ নিয়ে থাকতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। যার ফলে ইতিমধ্যেই উদ্বিগ্ন একাধিক দল।
আর থাকার ঘর নিয়ে উদ্বেগের মধ্যে ক্রিকেটারদের জন্য জাপানে কী ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, সেটা খতিয়ে দেখার কথা ভাবা হচ্ছে। সেই কারণে ক্রিকেট বোর্ডগুলি তাঁদের প্রতিনিধিদের জাপানে পাঠাতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। আর সেখানেই উঠে এসেছে ক্রিকেটারদের ছোট ঘরের বিষয়টি।
জানা গিয়েছে, ঘরগুলি খুবই ছোট। সেখানে দু'জন ক্রিকেটার তাঁদের কিটব্যাগ ও লাগেজ নিয়ে থাকতে গিয়ে সমস্যায় পড়তে পারেন।
এই সমস্যা সম্পর্কে জানেন, এমন এক সূত্র বলেন, 'এটি সত্যিই সমস্যার বিষয়। কারণ, ঘরগুলি খুব ছোট। একজন ক্রিকেটার কিটব্যাগ খুললেই দাঁড়ানোর মতো বেশি জায়গা থাকবে না। আমরা এই সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি।'
যদিও সূত্রের দাবি, বৈঠকে উপস্থিত অধিকাংশ ক্রিকেট বোর্ডই আয়োজকদের দেওয়া সুযোগ-সুবিধা নিয়ে বিশেষ আপত্তি জানায়নি। তবে থাকার ঘরের আকার নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে।
একটি দেশের প্রতিনিধি নাকি সতর্ক করে জানিয়েছে, সুযোগ-সুবিধা ভাল না হলে তারা পূর্ণ শক্তির দল না পাঠিয়ে ‘বি’ টিম পাঠানোর কথা ভাবতে পারে।
জাপানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার প্রস্তাব
এই আলোচনার মধ্যেই একটি দেশের প্রতিনিধি প্রস্তাব দেন, পূর্ণ সদস্য দেশগুলির উচিত জাপানে গিয়ে থাকার ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেখে নেওয়া। তারপর প্রতিনিধিরা নিজেদের বোর্ডকে পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
মাথায় রাখতে হবে, গত এশিয়ান গেমসে ভারত সোনা জিতেছিল। আসলে ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। যার ফলে উপরের দিকে র্যাঙ্কিং থাকার কারণে ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।
এবার পুরুষ ও মহিলা, দুই বিভাগেই শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে রয়েছেন শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাহ, হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানা-র মতো তারকারা।
এশিয়ান গেমসের জন্য ভারতীয় পুরুষদের টি২০ দল
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), শিবম দুবে, তিলক বর্মা (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী এবং জসপ্রীত বুমরাহ।
এশিয়ান গেমসের জন্য ভারতের মহিলা টি২০ দলে কারা?
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রডরিগস, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), জি কামালিনী (উইকেটকিপার), ভারতী ফুলমালি, শ্রীচরণী, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব এবং নন্দিনী শর্মা।