
ভিয়েতনাম ভ্রমণে খরচ কত? 'তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম'। ৬ ও ৭-এর দশকে বাংলার মানুষের মুখে মুখে ঘুরত এই স্লোগান। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভিয়েতনামের লড়াইয়ে সংহতি জানিয়ে উঠেছিল এই স্লোগান। আধুনিক যুগের বাঙালির কাছেও ভিয়েতনাম বড্ড পরিচিত। যদিও রাজনৈতিক ইতিহাস মুছে গিয়ে এখন ভিয়েতনাম ভ্রমণপিপাসু বাঙালির কাছে ট্রেন্ডিং ট্যুরিস্ট ডেস্টিনেশন। ন্যূনতম কত খরচে ভিয়েতনাম ঘোরা যায়? কতদিনে দেখে ফেলা যায় সবচেয়ে আকর্ষণীয় স্পটগুলি? সেই তথ্যই বিস্তারিত শেয়ার করলাম ভ্রমণপিপাসুদের জন্য।
দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় চমৎকার। তুলনামূলক কম খরচে বিদেশ ভ্রমণ করতে চাইলে, ভিয়েতনাম বেস্ট অপশন। কিন্তু কোন জায়গা থেকে শুরু করবেন, কী কী দেখবেন, তা আগেভাগে জেনে তবেই টিকিট কাটবেন।
ভিয়েতনামে কী কী দেখবেন?
ভিয়েতনামে মূলত ৩টি শহর এক্সপ্লোর করা যেতে পারে। উত্তর প্রান্তের হ্যানয়, উত্তর-মধ্যের দা নাং এবং দক্ষিণের হো চি মিন সিটি।

হ্যানয়: ভিয়েতনামের রাজনৈতিক রাজধানী। শতাব্দীপ্রাচীণ ঐতিহ্য বহনকারী এই শহরে পা রাখতেই বুঝলাম, এটা অনেকটা কলকাতার মতোই। আয়তনে ও জনসংখ্যায় অবশ্য মহানগরীর ধারেকাছেও পৌঁছতে পারবেন না। তবে হ্যানয়ের সবচেয়ে জনবহুল ওল্ড কোয়ার্টার এলাকা সহজেই মনে করাল ধর্মতলা-নিউ মার্কেট এলাকাকে। সরকারি অফিস-আদালতে ঘেরা অঞ্চল ঠিক যেন ডালহৌসি পাড়া।
ট্রেন স্ট্রিট: হ্যানয় থেকে ঘুরে নিলাম বিখ্যাত ট্রেন স্ট্রিট। এখানে রেললাইনের দু'ধারে সম্পূর্ণ বেআইনি ভাবে রয়েছে সারি সারি দোকান। বিক্রি হচ্ছে স্ন্যাকস, কফি, বিয়ার (জলের থেকেও সস্তা, কোল্ডড্রিঙ্কের মতো পানের দোকানেও পাওয়া যায়)। ট্রেন আসতেই চটপট তুলে ফেলতে হয় দোকান। আমাদের গা ঘেঁষে ছুটে গেল বিশাল লম্বা ট্রেন।
হো চি মিন সমাধি: দিল্লির সাউথ ব্লক বা নর্থ ব্লকের মতো একটি সুবিশাল চত্বরে রয়েছে হো চি মিনের সমাধি। রয়েছে প্রেসিডেন্ট হাউস, পার্লামেন্ট ভবন, হো চি মিনের মিউজিয়াম।
এ ছাড়াও পায়ে পায়ে ঘুরে নিলাম শহরের মাঝে হোয়া কিম লেক (জড়িত রয়েছে পৌরাণিক কাহিনি), বুদ্ধ মনাস্ট্রি (ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের পোঁতা সুবিশাল বট গাছ আজও রয়েছে)।
হ্যালং বে: জমজমাট শহর থেকে ১৭০ কিমি দূরে কোয়াং নিন প্রদেশে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। লাইমস্টোনে ঘেরা এই দ্বীপ দক্ষিণ চিন সাগরেরই একটি অংশ। ক্রুজে সারাদিন ঘোরা কিংবা রাতে থাকা যায় মায়াবী এই দ্বীপে। করা যায় কায়াকিং, স্পিড বোটিং, ব্যাম্বু বোটিং। গুহার ভিতর দিয়ে এই বোটিং লাইফটাইম অভিজ্ঞতা। এ ছাড়াও সমুদ্রের একটি অংশে স্নানও করা যায়। রয়েছে স্ট্যালাগটাইট ও স্ট্যালাগমাইটে তৈরি একটি সুবিশাল পাহাড়ি গুহা। ক্রুজে সূর্যাস্ত দেখার সুযোগ আজীবনের স্মৃতি হয়ে থাকবে।
নিন বিন: হ্যানয় থেকে ১০০ কিমি দূরের প্রান্তিক শহরতলী। এখানে যেমন রয়েছে পুরনো রাজধানী হুয়া লু-র ইতিহাস। রাজাদের রাজপাট দেখার সঙ্গে সঙ্গে ট্রাং আন নদীতে বোটিংয়েরও অভিজ্ঞতা সঞ্চয় করা যাবে। পাহাড়ে ঘেরা শহরতলী ঘুরে দেখা যায় সাইকেন কিংবা বাইকে চেপেও।

দা নাং: দক্ষিণ চিন সাগর পাড়ে উত্তর-মধ্য ভিয়েতনামের শহর। এক কথায় মোহময়ী। শান্ত, স্নিগ্ধ, সুন্দর। নিরাপদ এবং পরিচ্ছন্ন। বামপন্থী আদর্শ বজায় রেখে পুঁজিবাদী বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে দা নাং। পর্যটকদের জন্য এখানে রয়েছে আকাশচুম্বী হোটেল, দক্ষিণ চিন সাগর পাড়ের শ্যাকস।
হোই আন: মধ্য ভিয়েতনামের প্রাচীণ ও রঙিন শহরতলী। ইতিহাস যার আনাচে-কানাচে। রয়েছে ১৬ শতাব্দীর জাপানি ব্রিজ, থু বন নদী। আর অজস্র আলোর ফানুস। সন্ধ্যা হলেই হই আনের আকাশ ছেয়ে যায় এই ফানুসে। আর সকালে, নদীতে বনবন করে ঘোরে পর্যটকদের ঝুড়ির নৌকো। একটা সময়ে চিন-জাপানের মধ্যে দখলদারির লড়াই দেখা হই আন এখন ইউনেস্কোর হেরিটেজ সাইট।
বানা হিলস: ঠিক যেন রূপকথার গল্পের রাজত্ব। আছে ক্যাসল, ফরাসী ছোঁয়ায় মোড়া পাহাড়ি গ্রাম, জুরাসিক ওয়ার্ল্ড, ফ্যান্টাসি পার্ক, বিয়ার ফ্যাক্টরি আর মেঘেদের মাঝে এক ঝুলন্ত সেতু। ২টি সোনালি হাতের মাঝের এই সেতুতে পৌঁছতে প্রায় ৫ হাজার ফিট উঁচুতে আমাদের তুলে দিল কেবিল কার।

কলকাতা টু ভিয়েতনাম: কী ভাবে যাবেন?
কলকাতা থেকে ভিয়েতনামের সরাসরি কোনও ফ্লাইট নেই। আমাদের লে ওভার ছিল ব্যাঙ্ককে। ৬ রাত ৭ দিনের ট্যুরে প্রথমে পৌঁছে গিয়েছিলাম দা নাং শহরে। ৩ রাত থেকে ঘুরে নিলাম হোই আন, বানা হিলস এবং সময় কাটালাম দক্ষিণ চিন সাগর পাড়ে। দা নাং থেকে ইন্টার স্টেট ফ্লাইট নিয়ে চতুর্থ দিন সকালে পৌঁছে গেলাম হ্যানয় শহরে। সেখানে প্রথম দিন হো চি মিনের সমাধি, ট্রেন স্ট্রিট ঘুরলাম। দ্বিতীয় দিন রাত কাটল হা লং বে-তে। তৃতীয় দিন ঘুরলাম নিন বিনে।
মনে রাখবেন কমপক্ষে ৩-৪ মাসে কেটে ফেলুন ফ্লাইটের টিকিট। কাপল ট্যুর করতে চাইলে নিজেরাই প্ল্যান করতে পারেন অথবা ট্রাভেল এজেন্সি মারফত কাস্টমাইজড ট্রিপ করুন। দা নাং-এ থাকুন শহরের একদম মাঝখানের হোটেলে। হ্যানয়তে থাকুন ওল্ড কোয়ার্টারে। ট্যুরিস্ট স্পটগুলি ঘুরতে হবে ট্র্যাভেল বাস কিংবা শেয়ারড ভ্যানেই।

কী খাবেন?
নিত্যনতুন খাবার ট্রাই করার ইচ্ছে থাকলে ভিয়েতনাম আপনার কাছে পারফেক্ট প্লেস। আমার মতো আপনিও চেখে দেখতে পারেন ফ্রগ স্যুপ কিংবা ফ্রগ চাউমিন। এ ছাড়াও খেতে পারেন পর্ক, বিফ, অক্টোপাসের নানাবিধ আইটেম। তবে চিন্তার কারণ নেই ভিয়েতনামের স্পেটল ফুড ভাত-মাছ। ফলে বাঙালিদের সমস্যা হওয়ার কথা নয়। চিকেন, মাটনও পাবেন। খুব জনপ্রিয় বান মি বার্গার। পর্ক না খেলে চিকেন বান মি খেতে পারেন। তবে সম্পূর্ণ ভারতীয় এবং ভেজ খেতে গেলে অতিরিক্ত গ্যাঁটের কড়ি খসবে।

কখন যাবেন?
সাধারণত জুন থেকে অগাস্ট-সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে বৃষ্টি হয়। এই সময়টা বাদ দিয়ে বাকি অক্টোবর থেকে এপ্রিল-মে পর্যন্ত ভ্রমণের উপযুক্ত সময়।
খরচ
দা নাং ও হ্যানয় শহর ঘুরে ভিয়েতনামে ৬ রাত্রি ৭ দিনের প্যাকেজে আমার খরচ পড়েছিল প্রায় ২ লক্ষ টাকা (২ জনের)। এর মধ্যে ছিল ফ্লাইট (কলকাতা টু দানাং, দানাং টু হ্যানয় এবং হ্যানয় টু কলকাতা ৩ পিঠের উড়ান খরচ), হোটেল, খাওয়া-দাওয়া, শপিং এবং সাইট সিন। ট্রাভেল এজেন্সির সঙ্গে গেলে ব্রেকফাস্ট ও লাঞ্চ পেলেও ডিনার নিজেদের আলাদা ভাবে কিনেই খেতে হবে। তবে কমপক্ষে ৪ মাস আগে বিমানের টিকিট কাটলে এই খরচ আরও অনেকটাই কমে যেতে পারে।