টবে লাগানো তুলসীর ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। Tulsi Plant Care Tips: বাড়ির তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যাচ্ছে? পাতা হলুদ হয়ে যাচ্ছে? একটু পর পর পাতা ঝরে পড়ছে? এমন সমস্যা অনেক বাড়িতেই দেখা যায়। বিশেষ করে টবে লাগানো তুলসীর ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। গাছ দুর্বল হয়ে গেলে অনেকে প্রথমেই বেশি করে জল দিতে শুরু করেন। কিন্তু তাতেই সমস্যা কমবে, এমন নয়। বরং অতিরিক্ত জলে তুলসীর শিকড় পচে যেতে পারে।
তুলসী গাছ ভাল রাখতে শুধু জল দিলেই হবে না। দরকার আলো, ঠিকঠাক মাটি এবং প্রয়োজনমতো পুষ্টি। সেই সঙ্গে টবের জল বার হওয়ার ব্যবস্থা থাকাও জরুরি। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ জিনিসও গাছের পরিচর্যায় কাজে লাগতে পারে। এর মধ্যে রয়েছে ব্যবহৃত চা-পাতা, শুকনো নিমপাতা এবং পরিষ্কার কাঠের ছাই।
তবে কোনও কিছুই বেশি পরিমাণে ব্যবহার করা উচিত নয়। গাছের অবস্থা বুঝে অল্প পরিমাণে ব্যবহার করাই ভাল।
চা-পাতা ফেলে দেবেন না
চা বানানোর পর যে চা-পাতা বেঁচে যায়, তা সরাসরি তুলসীর টবে দিয়ে দেবেন না। বিশেষ করে চা-পাতায় দুধ বা চিনি থাকলে সমস্যা হতে পারে। প্রথমে চা-পাতা ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। তার পর সেটি রোদে শুকিয়ে নিন।
শুকনো চা-পাতা অল্প পরিমাণে টবের মাটির সঙ্গে মেশানো যেতে পারে। এতে মাটিতে কিছু জৈব উপাদান যোগ হয়। তবে বেশি চা-পাতা দিলে মাটিতে ছত্রাক বা দুর্গন্ধের সমস্যা তৈরি হতে পারে। তাই অল্প পরিমাণ ব্যবহার করাই ভাল।
নিমপাতাও কাজে লাগতে পারে
বাড়ির কাছে নিমগাছ থাকলে শুকনো নিমপাতা ফেলে দেবেন না। নিমপাতা ভাল করে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তার পর অল্প পরিমাণে টবের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়।
গাছের মাটিতে নিমজাত উপাদান ব্যবহার করার চল রয়েছে। বিশেষ করে মাটিতে থাকা কিছু পোকামাকড়ের সমস্যা সামলাতে এটি কাজে লাগতে পারে। তুলসীর টবেও অল্প পরিমাণ শুকনো নিমপাতার গুঁড়ো ব্যবহার করা যায়।
কাঠের ছাই
কাঠ পোড়ানোর পর যে পরিষ্কার ছাই পাওয়া যায়, সেটিও গাছের মাটিতে অল্প পরিমাণে ব্যবহার করা হয়। তুলসীর টবে প্রায় এক চামচ পরিষ্কার কাঠের ছাই দেওয়া যেতে পারে।
তবে ছাই বেশি দিলে মাটির অম্ল-ক্ষারের ভারসাম্য বদলে যেতে পারে। ফলে গাছের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই বেশি ছাই দিয়ে গাছ দ্রুত ভাল করার চেষ্টা করবেন না।
শুধু সার নয়, তুলসীর জন্য রোদও দরকার
তুলসী গাছকে সবুজ রাখতে শুধু মাটিতে কিছু মেশালেই হবে না। পর্যাপ্ত আলোও দরকার। সম্ভব হলে গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন কয়েক ঘণ্টা সকালের রোদ আসে।
একেবারে ছায়ায় দীর্ঘ দিন থাকলে তুলসীর নতুন পাতা ও ডালের বৃদ্ধি দুর্বল হতে পারে। আবার খুব তীব্র রোদ বা ঝোড়ো হাওয়ার জায়গাতেও গাছ না রাখাই ভাল।
মাটি শুকোলে তবেই জল দিন
তুলসী শুকিয়ে যাচ্ছে দেখে বার বার জল দেওয়া বড় ভুল হতে পারে। টবের মাটিতে সব সময় জল জমে থাকলে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জল দেওয়ার আগে মাটি পরীক্ষা করুন।
আঙুল দিয়ে টবের উপরের মাটি একটু দেখে নিন। মাটি শুকনো মনে হলে জল দিন। মাটি যদি এখনও ভেজা থাকে, তা হলে নতুন করে জল দেওয়ার প্রয়োজন নেই। টবের নীচে জল বেরিয়ে যাওয়ার ছিদ্র রয়েছে কি না, সেটিও দেখে নিন।
শুকনো পাতা এবং মঞ্জরি কী করবেন?
তুলসীতে ফুল বা মঞ্জরি বেশি হলে সময়মতো তা ছেঁটে দিতে পারেন। এতে গাছের নতুন ডাল ও পাতার বৃদ্ধিতে সাহায্য হতে পারে। একই সঙ্গে হলুদ ও শুকনো পাতাগুলিও তুলে ফেলুন।