প্রতীকী ছবি রান্নাঘরের ময়লা ফেলার বালতিতে ঠাঁই হওয়া লেবুর খোসাই হতে পারে আপনার ত্বক উজ্জ্বল করার সবচেয়ে সস্তা ও কার্যকর হাতিয়ার। ব্যয়বহুল বিউটি ট্রিটমেন্ট না করে কীভাবে ঘরোয়া উপায়ে রূপচর্চায় ব্যবহার করবেন লেবুর খোসা? রইল হদিস।
রান্নাঘরে লেবুর ব্যবহার নিত্যদিনের। কিন্তু রস নিঙড়ে নেওয়ার পরেই সেই খোসা সোজা গিয়ে পড়ে ডাস্টবিনে। আপনিও কি তাই করেন? তবে জেনে রাখুন, অজান্তেই হাতছাড়া করছেন ত্বক চর্চার এক দুর্দান্ত প্রাকৃতিক উপাদান। দামি ক্রিম বা পার্লারের হাজার টাকার ট্রিটমেন্টেও যদি হাঁটু, কনুই কিংবা পায়ের জেদি কালচে দাগ না ওঠে, তবে মুশকিল আসান করতে পারে সামান্য এই 'ফেলনা জিনিসই।
কেন এত কার্যকরী লেবুর খোসা?
লেবুর খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এগুলি ত্বকের মৃত কোষ দূর করতে এবং ম্লান হয়ে যাওয়া উজ্জ্বলতা ফেরাতে অত্যন্ত সাহায্য করে। হাত-পায়ের খসখসে ভাব কাটাতে নিয়মিত রূপচর্চার অঙ্গ করে তুলতেই পারেন এটিকে। তবে মুখে ব্যবহারের আগে অবশ্যই ‘প্যাচ টেস্ট’ করে নেওয়া জরুরি।
কীভাবে বানাবেন ঘরোয়া স্ক্রাব?
ঘরোয়া পদ্ধতিতে অত্যন্ত সহজে এই স্ক্রাব তৈরি করে ফেলা যায়। এর জন্য লাগবে:
রস নিঙড়ে নেওয়া লেবুর খোসা: ১টি
চিনি: ১ চা চামচ
বেকিং সোডা: ১ এক চিমটে
তৈরির নিয়ম:
লেবুর উল্টানো খোসার ভেতরের অংশে চিনি ও সামান্য বেকিং সোডা ছড়িয়ে দিন। ব্যস, আপনার প্রাকৃতিক স্ক্রাব তৈরি!
ব্যবহারের সঠিক পদ্ধতি
১. কনুই, হাঁটু বা পায়ের যে যে অংশে কালচে দাগ বা ময়লা জমে রয়েছে, সেখানে লেবুর খোসাটি দিয়ে হালকা হাতে ১ থেকে ২ মিনিট ম্যাসাজ করুন।
২. ম্যাসাজ করার পর মিশ্রণটি ত্বকে অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রেখে দিন।
৩. নির্দিষ্ট সময় পর সাধারণ জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।
সপ্তাহে ২ থেকে ৩ বার এই পদ্ধতি মেনে চললেই ধীরে ধীরে পার্থক্য চোখে পড়বে।
কেন কাজ করে এই সংমিশ্রণ?
লেবুর রস ও খোসা প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে ত্বকের দাগ হালকা করে। চিনি চমৎকার একটি প্রাকৃতিক স্ক্রাবার, যা মরা চামড়া তুলে ফেলে ত্বক মসৃণ করে। অন্যদিকে, বেকিং সোডা রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা জেদি ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। এই তিনের মেলবন্ধনে ত্বক হয়ে ওঠে পরিষ্কার ও কোমল।
জরুরি সতর্কবার্তা:
আপনার ত্বক অতিমাত্রায় সংবেদনশীল হলে, ব্যবহারের আগে হাতে বা ঘাড়ে সামান্য অংশ পরীক্ষা করে নিন।
ত্বকে কোনও কাটাছোঁড়া, জখম বা জ্বালাভাব থাকলে এই মিশ্রণ একেবারেই প্রয়োগ করবেন না।
খুব জোরে ঘষবেন না, এতে ত্বক লাল হয়ে যেতে পারে বা জ্বালা করতে পারে। লালচে ভাব বা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে ফেলুন।
ঘরোয়া টোটকার প্রভাব সকলের ক্ষেত্রে এক হয় না। সমস্যা বহুদিনের হলে বা কোনও পরিবর্তন না দেখলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।