একাধিক ক্ষেত্রে বহু মানুষকে রাত জেগে কাজ করতে হয়। Night Shift Work Effects: অফিসের কাজের চাপ, রাতের ডেডলাইন কিংবা নিয়মিত নাইট শিফট। তথ্যপ্রযুক্তি, সংবাদমাধ্যম এবং স্বাস্থ্য পরিষেবার মতো একাধিক ক্ষেত্রে বহু মানুষকে রাত জেগে কাজ করতে হয়। কিন্তু এই অভ্যাসের প্রভাব পড়তে পারে হৃদ্যন্ত্রের উপর। নিয়মিত রাতে কাজ করলে বদলে যেতে পারে হার্টের গঠন এবং কাজ করার ধরন। এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক একটি গবেষণায়। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল-কার্ডিওভাসকুলার ইমেজিং’ পত্রিকায়।
৪২ হাজার মানুষের উপর গবেষণা
এই গবেষণায় ব্রিটেনের UK Biobank-এর ৪২ হাজার ৬৭১ জন নারী ও পুরুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকেরা। তাঁদের গড় বয়স ছিল ৫২ বছর। অংশগ্রহণকারীদের মধ্যে ১,৩২২ জন জানিয়েছেন, তাঁরা নিয়মিত নাইট শিফটে কাজ করেন। গবেষণার শুরুতে যাঁদের আগে থেকেই হৃদ্রোগ ছিল, তাঁদের এই বিশ্লেষণে রাখা হয়নি।
হৃদ্যন্ত্রের অবস্থা বুঝতে কার্ডিয়াক এমআরআই পরীক্ষা করা হয়। তাতেই দেখা যায়, যাঁরা নিয়মিত রাতে কাজ করেন, তাঁদের হৃদ্যন্ত্রের দেওয়াল তুলনামূলক কিছুটা পুরু হওয়ার প্রবণতা রয়েছে। পাশাপাশি হার্টের বিভিন্ন প্রকোষ্ঠের আয়তনও কিছুটা ছোট হতে পারে। হৃদ্যন্ত্রের পেশি সংকোচনের একটি মাপকাঠিতেও পার্থক্য দেখা গিয়েছে।
তবে হার্টের রক্ত পাম্প করার সামগ্রিক ক্ষমতা বোঝার গুরুত্বপূর্ণ মাপকাঠি ইজেকশন ফ্র্যাকশনে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।
কেন ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের?
গবেষকদের মতে, মানুষের শরীরে একটি স্বাভাবিক জৈবঘড়ি রয়েছে। এই ঘড়ি ঘুম, জেগে থাকা, হরমোনের ক্ষরণ এবং শরীরের বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিয়মিত রাতে কাজ করলে সেই ছন্দে ব্যাঘাত ঘটে। শরীরের স্বাভাবিক ঘুম ও জেগে থাকার সময় বদলে যায়। এর প্রভাব পড়তে পারে রক্তচাপ নিয়ন্ত্রণ, প্রদাহ এবং রক্তনালির কার্যকারিতায়।
গবেষণায় রক্তের কিছু উপাদানেও পার্থক্য দেখা গিয়েছে। নাইট শিফটে কাজ করা ব্যক্তিদের শরীরে হৃদ্যন্ত্রের জন্য উপকারী ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড DHA এবং ভালো কোলেস্টেরলের সঙ্গে সম্পর্কিত কিছু উপাদানের মাত্রা কম ছিল। অন্য দিকে, ট্রাইগ্লিসারাইড এবং প্রদাহের সঙ্গে যুক্ত কিছু উপাদানের মাত্রা বেশি দেখা গিয়েছে।
নাইট শিফট করলেই কি হার্টের রোগ হবে?
গবেষকেরা স্পষ্ট জানিয়েছেন, এমন কোনও সিদ্ধান্তে পৌঁছনোর কারণ নেই। পরিবর্তনগুলি গড় হিসাবে সামান্য। এই গবেষণা থেকে প্রমাণিত হয়নি যে রাতের শিফট সরাসরি হৃদ্যন্ত্রের ক্ষতি করে। ভবিষ্যতে আরও গবেষণা প্রয়োজন।