
বারো মাস বাজারে পাওয়া যায়, দামেও সস্তা, অথচ গুণের বিচারে পাকা পেঁপের জুড়ি মেলা ভার। পেট পরিষ্কার রাখা থেকে শুরু করে হার্টের যত্ন, এমনকি রূপচর্চাতেও এই ফলের মহিমা অপরিসীম। পুষ্টিবিদদের মতে, ১০০ গ্রাম পাকা পেঁপেতে মাত্র ৪০-৪৫ ক্যালোরি থাকলেও এতে রয়েছে ভিটামিন সি, এ, ফাইবার, পটাশিয়াম এবং ফোলেটের মতো জরুরি উপাদান। তবে এই ফলের আসল জাদুকর হলো ‘প্যাপেইন’ (Papain) নামক এনজাইম, যা হজমশক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়।

কেন খাবেন পাকা পেঁপে?
হজমের মহৌষধ: যারা নিয়মিত গ্যাস-অম্বল বা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাদের জন্য পাকা পেঁপে আশীর্বাদস্বরূপ। এটি খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এবং পেট হালকা রাখে।

ইমিউনিটি বাড়ে
এতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে ঋতু পরিবর্তনের সর্দি-কাশি বা ইনফেকশন সহজে কাবু করতে পারে না।

ত্বক ও চোখের যত্ন
পেঁপের বিটা-ক্যারোটিন ও ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে। আবার এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সের ছাপ পড়তে দেয় না, কোলাজেন তৈরি করে জেল্লা বজায় রাখে।

ওজন নিয়ন্ত্রণ ও হার্ট
এতে ফাইবার বেশি এবং ক্যালোরি কম হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, যা ওজন কমাতে সহায়ক। পাশাপাশি এটি রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টকে চনমনে রাখে।

ডায়াবেটিস ও প্রদাহ
পরিমিত পেঁপে খেলে রক্তে শর্করার মাত্রা হুটহাট বাড়ে না। এমনকি জয়েন্টের ব্যথা বা শরীরের ক্লান্তি কমাতেও এর জুড়ি নেই।

মিলবে ১০০ শতাংশ উপকার, যদি মেনে চলেন এই নিয়ম
খাওয়ার সময় ও নিয়ম ঠিক না থাকলে ফলের পুষ্টি বিফলে যেতে পারে। সবচেয়ে ভালো ফল পেতে প্রতিদিন সকালে খালি পেটে অথবা হালকা জলখাবারের ৩০ মিনিট পর ১ থেকে ২ কাপ (১৫০-৩০০ গ্রাম) পেঁপে খান। সঙ্গে সামান্য লেবুর রস, ভেজানো বাদাম বা দই মিশিয়ে নিলে পুষ্টির গুণমান আরও বাড়ে। মনে রাখবেন, পেঁপে কেটে অনেকক্ষণ ফেলে রাখবেন না, এতে ভিটামিন নষ্ট হয়। আর ভুলেও অতিরিক্ত চিনি মিশিয়ে এর গুণ নষ্ট করবেন না।

সতর্কতা
পাকা পেঁপে নিরাপদ হলেও গর্ভবতী নারীদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। এছাড়া যাদের ল্যাটেক্স অ্যালার্জি আছে বা যারা সুগারের রোগী, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এটি ডায়েটে রাখুন।